মাতৃত্বকালীন ছুটি পান না ৪০ শতাংশ নারীশ্রমিক
পোশাকশিল্প কারখানায় কর্মরত ৪০ শতাংশ নারী মাতৃত্বকালীন ছুটির সুবিধা পান না। এ ছাড়া ৬৪ শতাংশ নারীশ্রমিকের জন্য আলাদা বাথরুমের ব্যবস্থা নেই। বাণিজ্যমন্ত্রী ফারুক খান আগামী এক মাসের মধ্যে সব পোশাক কারখানায় নারীশ্রমিকদের এসব সমস্যা দূর করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন।গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত পোশাক কারখানা-সংক্রান্ত এক সভায় মন্ত্রী ওই নির্দেশনা দেন। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক হাজার ৩৬৫টি পোশাকশিল্প কারখানা ও ১৭৮টি কারখানার ওপর পরিচালিত জরিপ প্রতিবেদন তুলে ধরা হয়।এই প্রতিবেদনের তথ্য-উপাত্ত অবহিত হয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান মানসম্মত নয়, এমন পোশাক কারখানা ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, দেশের পোশাক কারখানাগুলো এ পর্যন্ত ৭০ থেকে ৭৫ শতাংশ সাফল্য অর্জন করেছে। বাকি ২৫ থেকে ৩০ শতাংশ ব্যর্থতার জন্য দায়ী পোশাক খাতে বিদ্যমান অস্থিরতা।সভায় বিজিএমইর প্রতিনিধি জানান, কিছু কিছু কারখানা এমন জায়গায় স্থাপন করা হয়েছে, স্থান ও পরিবেশগত কারণে যেখানে কমপ্লায়েন্স বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।সভায় বলা হয়, কিছু কারখানার ভবন পুরোনো হওয়ায় এবং অনুমোদিত কোনো সংস্থা থেকে নকশার অনুমোদন না নেওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাচ্ছে। এসব কারখানার অনুমতির ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনে গণপূর্ত মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়।সভায় পুরোনো পোশাক কারখানার ভবনের সমস্যা আগামী তিন মাসের মধ্যে সমাধানের জন্য সময় নির্ধারণ করা হয়।বৈঠকে পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি, নিয়োগ ও পরিচয়পত্র প্রদান, সময়মতো বেতন-ভাতা, সাপ্তাহিক ছুটিসহ ২০টি সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বাণিজ্যসচিব গোলাম হোসেন, অতিরিক্ত সচিব এ টি এম মুর্তাজা রেজা চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি রায় রমেশ চন্দ্রসহ বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।