মাতৃত্বকালীন ছুটি বেড়ে ছয় মাস হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বেড়ে ছয় মাস হচ্ছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সূত্র বলছে, মা ও নবজাতকের শারীরিক প্রয়োজনের কথা মাথায় রেখেই এ বিষয়টি ভাবা হয়েছে।চিকিৎসকেরা অন্তত ছয় মাস শিশুকে বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়ায় প্রধানমন্ত্রীর আগ্রহে এই সিদ্ধান্ত হতে যাচ্ছে। এতে কর্মজীবী নারীর শিশুরাও মায়েদের কাছাকাছি বেশি সময় থাকতে পারবে। কিন্তু এর ফলে নারীর চাকরির সম্ভাবনা কমে যেতে পারে বলে শঙ্কা জানিয়েছেন নারীরা। তাঁরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি পুরুষ সহকর্মীরা যেন বিষয়টি ইতিবাচকভাবে দেখেন, সে পরিবেশ তৈরির চেষ্টা করতে হবে। তা না হলে নারীরা ছুটি শেষে ফিরে কাজের জায়গায় বৈষম্যের শিকার হবেন।গতকাল বুধবার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারী-পুরুষের সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বেসরকারি সংস্থায় কর্মরত সুলতানা মারিয়ামের মেয়ের বয়স পাঁচ মাস। তিনি বলেন, ‘ছয় মাস ছুটি পাওয়া গেলে ভালো, কিন্তু অফিসে শিশুর পরিচর্যাকেন্দ্র তৈরি বাধ্যতামূলক না করলে খুব বেশি লাভ হবে না।’পুরুষেরাও এ সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে কথা বলেছেন। কেউ কেউ পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করারও আহ্বান জানান। সরকারি ব্যাংকে কর্মরত মোশাররফ কবির বলেন, ‘বাচ্চাটাকে অফিসে আনার ব্যবস্থা না থাকায় অনিরাপত্তায় ভুগি। অফিসে দিবাযত্নকেন্দ্র বাধ্যতামূলক হলো কি না, সেটা পর্যবেক্ষণে রাখা এবং নিশ্চিত করা বেশি জরুরি।’মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম বলেন, ‘বিশেষজ্ঞরা বলছেন, জন্মের ছয় মাস পর্যন্ত একটানা মায়ের দুধ খাওয়ানো শিশুর স্বাস্থ্যের জন্য উপকারী। অনেক দেশে দুই থেকে আড়াই বছর পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি আছে। সেখানে মাতৃত্বকালীন ছুটির পর নারী কর্মী অফিসে ফিরলে জটিলতা হয় বলে শুনিনি।’চাকরি পাওয়ার ক্ষেত্রে নারীরা পিছিয়ে যাওয়ার যে শঙ্কা প্রকাশ করেছেন, সে বিষয়ে পুরুষ সহকর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান রাজিয়া বেগম।