মাতৃত্বকালীন ছুটি ভোক্তারা বাড়তি দুই মাস পাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ৯ জানুয়ারির আগ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি ভোগকারীরা বাড়তি দুই মাস ছুটি পাবেন না। আগের নিয়মে তাঁরা চার মাসই ছুটি ভোগ করবেন। গত মঙ্গলবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ বিভাগের যুগ্ম সচিব তপন কুমার কর্মকার। এর আগে ১১ জানুয়ারি এক প্রজ্ঞাপনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করে তা ৯ জানুয়ারি থেকে কার্যকরের কথা বলা হয়। তবে প্রজ্ঞাপন জারির আগেই যাঁরা ছুটিতে গেছেন বা ছুটি ভোগ করছিলেন, তাঁদের সম্পর্কে এতে কিছু বলা ছিল না। বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। তাই যাঁরা প্রজ্ঞাপন জারির আগে থেকেই পূর্ববর্তী বিধান অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি ভোগরত আছেন, তাঁদের ক্ষেত্রে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।এ প্রসঙ্গে যুগ্ম সচিব তপন কুমার কর্মকার টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘সরকারি বিধি মোতাবেকই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’মাতৃত্বকালীন ছুটিতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন মা প্রথম আলোর কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘৯ জানুয়ারির আগে জন্ম হওয়ায় আমার বাচ্চা সুবিধা পাবে না, ছয় মাস বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত হবে, আর ৯ জানুয়ারির পরে জন্ম হলেই বাচ্চারা ডিজিটাল সরকারের সুবিধা ভোগ করবে—এটা মেনে নেওয়া যায় না। সরকার এ ধরনের সিদ্ধান্ত নেবে আগে জানিয়ে দিলে আমার মতো ভুক্তভোগীরা পরেই সন্তান নিতাম।’ ক্ষোভ প্রকাশ করা সরকারি কর্মজীবী এই মায়ের চার মাস মাতৃত্বকালীন ছুটি শেষ হবে ২৩ জানুয়ারি। শুধু এই মা-ই নন, একাধিক মা সরকারের এ ধরনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর প্রতিশ্রুতি দেন। গত জুন মাসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে লেখা চিঠিতে বলা হয়, ছুটির মেয়াদ বাড়ানোর কারণে অতিরিক্ত আর্থিক ব্যয় হবে না।