মাতৃত্বকালীন ভাতা বিতরণে ঘুষ নেওয়ার অভিযোগ
বরগুনার বামনা উপজেলায় অতিদরিদ্র গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন ভাতার টাকা তুলতে ২০০ থেকে ৫০০ টাকা করে ঘুষ দিতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. খালিদ হোসেন এই টাকা আদায় করছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।বুকাবুনিয়া ইউনিয়নের জয়নগর গ্রামের সুবিধাভোগী নাসিমা বেগম বলেন, ‘জানুয়ারি মাসের মাঝামাঝি চেক পাওয়ার পর অফিস সহকারী তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এই ভয় দেখিয়ে আমার কাছ থেকে ৫০০ টাকা নেন। পরে বিষয়টি উপজেলা পরিষদে কর্মরত আমার এক আত্মীয়কে জানাই। তাঁর অনুরোধে ওই অফিস সহকারী আমাকে ২০০ টাকা ফেরত দেন।’ জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার দরিদ্র গর্ভবতী নারীদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে জনপ্রতি মাসে ৩৫০ টাকা ভাতা দেওয়ার কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় প্রতি ছয় মাস পর একজন নারী দুই হাজার ১০০ টাকা পান। সুবিধাভোগীরা দুই বছর পর্যন্ত এই অর্থসহায়তা পান। মহিলাবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ভাতা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বামনার চারটি ইউনিয়নে ১২৪ জন দরিদ্র গর্ভবতী নারী এ সুবিধা পাচ্ছেন। ভুক্তভোগী নারীরা অভিযোগ করেন, জানুয়ারি মাসের মাঝামাঝি বামনার বুকাবুনিয়া ইউনিয়নের ৩১ জন নারীকে ছয় মাসের ভাতার চেক দেওয়া হয়। এই চেক বিতরণের সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. খালিদ হোসেন জনপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা ঘুষ নেন। বুকাবুনিয়া গ্রামের তানজিলা আক্তার জানান, অফিস সহকারী তাঁর কাছ থেকে অফিসের খরচের কথা বলে ২০০ টাকা নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সুবিধাভোগী জানান, ওই ইউনিয়নের ৩১ জন নারীর সবাইকেই ভাতা পেতে অফিস সহকারীকে টাকা দিতে হয়েছে। কেউ টাকা দিতে না চাইলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়ার হুমকি দেন ওই অফিস সহকারী। খোঁজ নিয়ে জানা গেছে, বামনায় মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তার পদ তিন বছর ধরে শূন্য থাকায় অফিস সহকারীই ওই দপ্তরের দায়িত্ব পালন করে আসছেন। বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ‘অফিস সহকারী ঘুষ নিয়েছেন বলে সংশ্লিষ্ট নারীরা আমার কাছেও অভিযোগ করেছেন। বিষয়টি উপজেলা পরিষদের সমন্বয় সভায় উত্থাপন করব।’ অফিস সহকারী মো. খালিদ হোসেন বলেন, ‘সুবিধাভোগী নারীদের কাছ থেকে আমি কোনো টাকা-পয়সা নেইনি। এসব অভিযোগ মিথ্যা।’ জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) কামরুন্নাহার বলেন, ‘অফিস সহকারী অবৈধভাবে টাকা নিয়েছেন এমন অভিযোগ আমার কাছে কেউ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেব।’