মাতৃত্বকালীন ভাতার অর্ধেক কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে দেওয়া মহানগরের দুই হাজার নারীর মাতৃত্বকালীন ভাতার প্রায় অর্ধেক টাকা খরচ বাবদ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এই অধিদপ্তরের অধীনে নিবন্ধিত স্থানীয় বিভিন্ন সমিতির সভানেত্রীরা কার্ড করার জন্য অফিস-খরচ হিসেবে এ টাকা কেটে নেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে এই প্রথমবারের মতো মাতৃত্বকালীন ভাতা বাবদ রাজশাহী মহানগরের দুই হাজার নারীকে চার হাজার ২০০ টাকা করে দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের অগ্রণী ব্যাংক শাখার মাধ্যমে এ ভাতা দেওয়া শুরু হয়।মাতৃত্বকালীন সুবিধাভোগীরা জানান, বিভিন্ন ওয়ার্ডের মহিলা সমিতির সভানেত্রীরা তাঁদের কার্ড করার জন্য অফিস-খরচ বাবদ দুই হাজার টাকা পর্যন্ত কেটে নেন। কেউ টাকা দিতে অস্বীকার করলে তাঁর কার্ড বাতিল করে দেওয়ার হুমকি দেন তাঁরা। বিষয়টি সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র শরীফুল ইসলামকে জানানো হয়। তিনি ফোনে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন।খোঁজ নিয়ে জানা গেছে, মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা বেগম ব্যাংকের সামনে যান। এ সময় ভুক্তভোগী সুমি, গোলাপী ও সায়েদা অভিযোগ করেন, কোনো কোনো সভানেত্রী সিটি ভবনের গেটে দাঁড়িয়ে টাকা আদায় করেছেন। আবার কেউ কেউ আগাম খরচ বাবদ টাকা কেটে নিয়েছেন। টাকা দিতে না চাইলে তাঁরা ভাতার কার্ড বাতিলসহ বিভিন্ন হুমকি দেন।এরপর মাহমুদা বেগম, ৬ নম্বর জোনের কাউন্সিলর সুফিয়া ইসলাম এবং ১০ নম্বর জোনের কাউন্সিলর প্রমি ব্যাংকের সামনে নগরের রামচন্দ্রপুরের দীপশিখা মহিলা সমিতির সভানেত্রী সঞ্চিতাকে আটক করেন। তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কার্ড করার খরচ লাগতে পারে। তাই তিনি গত শুক্রবার ২৪ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী ২৬ জনের কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছেন। পরে তিনি ওই টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে ঘটনাস্থল থেকে সটকে পড়েন।সিটি ভবনের গেটে দাঁড়িয়ে ২৫ নম্বর ওয়ার্ডের ধ্রুবতারা মহিলা সমিতির সভানেত্রী সুবিধাভোগীদের কাছ থেকে দুই হাজার টাকা করে কেটে নিচ্ছিলেন। এ অভিযোগে তাঁকে আটক করা হলে তিনি উপস্থিত পাঁচ জনের কাছ থেকে নেওয়া ১০ হাজার টাকা ফেরত দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, ‘ভারপ্রাপ্ত মেয়রের ফোন পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সভানেত্রী সঞ্চিতা ও রিনার টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তবে আমার কার্যালয় থেকে কাউকে কোনো টাকা নেওয়ার কথা বলা হয়নি।’