মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য আইন সম্পর্কে মানুষের ধারণা কম: ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃদুগ্ধ বিকল্প ও শিশুখাদ্য আইন সম্পর্কে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দোকানি ও সাধারণ মানুষের বিশেষ কোনো ধারণা নেই। অন্যদিকে চিকিৎসকদের আইন সম্পর্কে ধারণা থাকলেও তাঁরা সুকৌশলে মাতৃদুগ্ধের বিকল্প শিশুখাদ্যের নাম ব্যবস্থাপত্রে ব্যবহার করছেন। এই দুটোই দেশের শিশু পুষ্টির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে নতুন এক জরিপের ফলাফলের ভিত্তিতে এ তথ্য তুলে ধরা হয়। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক এ জরিপ পরিচালনা করে।
অনুষ্ঠানে বিশিষ্ট প্রসূতি চিকিৎসাবিদ অধ্যাপক টি এ চৌধুরী বলেন, ওষুধ কোম্পানি বা শিশুখাদ্য প্রস্তুতকারী কোম্পানির বিরুদ্ধে চিকিৎসকদের প্রতিযোগিতায় নামা ঠিক হবে না। আইন ব্যবহার করে মাতৃদুগ্ধের বিকল্প শিশুখাদ্য বাজারজাতকরণ বন্ধ করতে হবে।
টি এ চৌধুরী বলেন, সিগারেটের বিজ্ঞাপন গণমাধ্যমে বন্ধ করা সম্ভব হলে মাতৃদুগ্ধের বিকল্প শিশুখাদ্যের বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আইনের বিভিন্ন ধারা তুলে ধরে বিশিষ্ট পুষ্টিবিদ এস কে রায় বলেন, শিশুপুষ্টির পক্ষে এমন জোরালো আইন বিশ্বে পৃথিবীতে কম আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা কর্মসূচির পরিচালক কাওসার আফসানা।