মাতৃভাষা ইনস্টিটিউট এখন ইউনেসকোর দ্বিতীয় শ্রেণির প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি-বিষয়ক সংস্থা—ইউনেসকোর দ্বিতীয় শ্রেণির (ক্যাটাগরি) ইনস্টিটিউটের স্বীকৃতি পেল। গত শনিবার ইউনেসকোর সদর দপ্তরে ৩৮তম সাধারণ অধিবেশনে মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেসকোর ক্যাটাগরি-২ ইনস্টিটিউটে উন্নীত করার প্রস্তাব পাস হয়।
অধিবেশনে জাতিসংঘের ১৯৫টি দেশ ও ৮টি সহযোগী দেশের শিক্ষামন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত।
গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, ক্যাটাগরি-২ প্রতিষ্ঠান হিসেবে এখন থেকে প্রতিষ্ঠানটি ইউনেসকো পরিচালিত ‘মাতৃভাষা-আশ্রয়ী শিক্ষা’, ‘টেকসই উন্নয়নের জন্য শিক্ষা’ ইত্যাদি কার্যক্রমে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সুযোগ পাবে। এ ছাড়া এখন থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউনেসকোর লোগো ব্যবহার করতে পারবে এই ইনস্টিটিউট। বিভিন্ন দেশের বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ ও সম্প্রসারণেও এই প্রতিষ্ঠান কাজ করবে। বিশ্বে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা এখন এটিসহ ৯৫টি। এর মধ্যে এশিয়া মহাদেশে আছে চারটি।