ভাষাসংগ্রামী আহমদ রফিক বলেছেন, মাতৃভাষা ভালোভাবে শিখতে হবে। শুদ্ধভাবে বাংলা বানান ও উচ্চারণ জানতে হবে। আর এই শিক্ষাটা পরিবারের ভেতর থেকেই শুরু করতে হবে।গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জে সুধীজন পাঠাগারের চার যুগ পূর্তি ও ভাষা আন্দোলনের ৬০ বছর উদ্যাপন কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহমদ রফিক এই আহ্বান জানান।সুধীজন পাঠাগারের পরিচালক মুহাম্মদ আইউবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাঠাগারের কর্মাধ্যক্ষ আসজাদুল কিবরিয়া ও সাংস্কৃতিক কর্মাধ্যক্ষ আফজাল হোসেন।উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি এই উদ্যাপন কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষাবিদ হায়াৎ মামুদ। এর অংশ হিসেবে মাসজুড়ে সুধীজন পাঠাগারে ভাষা আন্দোলনের ইতিহাস পাঠচক্র, ইতিহাসপাঠভিত্তিক প্রতিযোগিতা, বাংলা বানান কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠচক্র ও প্রতিযোগিতায় বিজয়ীদের শুক্রবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। পরে নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গিটার পরিষদের শিল্পীরা গিটার বাদন পরিবেশন করেন।