খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মাতৃভাষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। গতকাল মঙ্গলবার সকালে খুলনা জিলা স্কুলে ‘ইংলিশ ইন স্কুলস’ এর আওতায় ‘এনরিচিং স্কুলস উইথ নিউ রিসোর্সেস’ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মেয়র আব্দুল খালেক বলেন, ইংরেজি জানা, লেখা ও বলতে পারা খুবই জরুরি। এ জন্য মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। অনুষ্ঠানে খুলনা জিলা স্কুলের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।দেশের মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় সহায়তা করতে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি ও দ্য ডেইলি স্টার যৌথভাবে ‘ইংলিশ ইন স্কুলস’ কর্মসূচি চালু করেছে।খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান এ আর এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রহমান, খুলনা জেলা স্কুলের প্রধান শিক্ষিক মালেকা বেগম, রবির ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মাইকেল কুয়েনার ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।মাহফুজ আনাম বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। এ ভাষা আমাদের শিখতে হবে। সে জন্য ডেইলি স্টার ইংরেজি ভাষা জানার জন্য এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এতে আমাদের দেশের শিক্ষার্থীরা উপকৃত হবে।’