মাতৃভাষার প্রতি বাড়ুক টান

একদিকে চৈত্রের দাবদাহ। অন্যদিকে মেঘের আনাগোনা। কিন্তু কোনো কিছুই আটকাতে পারল না তাদের। অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই দলে দলে শিক্ষার্থীরা আসতে লাগল। দেখতে দেখতে শত শত শিক্ষার্থীর কলকাকলিতে মুখর হয়ে ওঠে খুলনার জিলা স্কুলের মাঠ।
খুলনা অঞ্চলের ভাষা প্রতিযোগ গতকাল শুক্রবার এমনই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল সোয়া নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগের উদ্বোধন করেন জিলা স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম। এ সময় ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অনিরুদ্ধ কাহালি।
মালেকা বেগম তাঁর বক্তব্যে বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে মাতৃভাষার প্রতি ছেলেমেয়েরা আরও বেশি উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হবে। বাংলা ভাষা সম্পর্কে আরও জানতে পারবে।’
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২০০ জন শিক্ষার্থী প্রতিযোগে অংশ নেয়। উদ্বোধন পর্ব শেষে ৪০ মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ছিল প্রশ্নোত্তর পর্ব।
শিক্ষার্থীদের নানা বুদ্ধিদীপ্ত ও কৌতূহলী প্রশ্নের জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মঞ্জুর, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক বিনয় বর্মণ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের প্রধান শেখ রাজিকুল ইসলাম, বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সাধনরঞ্জন ঘোষ ও একই কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।
প্রতিযোগে চারটি বিভাগে ১৫ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী বিজয়ী হয়। সেরাদের সেরা হয়েছে খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রিফা মাইশা মৈত্রী।
এইচএসবিসি-প্রথম আলো এ ভাষা প্রতিযোগের আয়োজন করে। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।