মাতৃভাষার বই পায়নি খাগড়াছড়ির ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীরা
খাগড়াছড়ির ক্ষুদ্র জাতিসত্তার প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীরা এখনো তাদের মাতৃভাষায় রচিত পাঠ্যপুস্তক পায়নি।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০১৭ শিক্ষাবর্ষে প্রাক্-প্রাথমিকের ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২৬ হাজার ৫০০ পাঠ্যপুস্তকের চাহিদা দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বই সরবরাহ করা হয়নি। চাকমা, মারমা, ত্রিপুরা ও গারো সম্প্রদায়ের মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চালানোর জন্য শুধু খাতা ও শিক্ষক নির্দেশিকা সরবরাহ করা হয়েছে।
শিক্ষা কার্যালয় সূত্র জানায়, চাকমা সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য ৩ হাজার ৮৩৩টি, মারমা সম্প্রদায়ের জন্য ১ হাজার ৯৭০টি, ত্রিপুরা সম্প্রদায়ের জন্য ১ হাজার ৬২২টি ও গারো সম্প্রদায়ের জন্য ৯টি খাতা এবং চাকমা ও মারমা সম্প্রদায়ের মাতৃভাষার শিক্ষার্থীদের জন্য ১ হাজার ২০০টি শিক্ষক নির্দেশিকা এসেছে।
খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুনুপ্রু মারমা জানান, প্রাক্-প্রাথমিক শ্রেণির খাতা ও শিক্ষক নির্দেশিকা এলেও এখনো কোনো পাঠ্যপুস্তক আসেনি।
এদিকে বই না পাওয়ায় হতাশ অভিভাবকেরা। প্রাক্-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিভাবক নমিতা চাকমা, সুইনাইপ্রু মারমা ও বিউটি ত্রিপুরা বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের কাছে একাধিকবার গিয়েও কোনো লাভ হয়নি। শিক্ষকেরাও বলতে পারছেন না যে কবে বই আসবে।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, শিগগিরই পাঠ্যপুস্তক আসবে বলে তাঁরা আশা করছেন।