মাতৃভাষার মর্যাদা যেন ধারণ করতে পারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল একুশে পদক প্রদান অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল একুশে পদক প্রদান অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: প্রধানমন্ত্রীর

মাতৃভাষার মর্যাদা রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত যে ভাষা, সেটাকেই পর্যায়ক্রমে গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের মাতৃভাষার স্বকীয়তাও রক্ষা করতে হবে।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শনিবার সকালে একুশে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। খবর বাসসের।
মাতৃভাষা শিক্ষা নেওয়ার পর অন্য ভাষা শিখলেই প্রকৃত শিক্ষাটা হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কাজেই এ বিষয়ে আমাদের সমাজকে আমি আরও একটু সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের মাতৃভাষার মর্যাদা, যেটা এত রক্তের বিনিময়ে পেয়েছি, সেটা যেন ধারণ করতে পারি।’
একুশে ফেব্রুয়ারির ইতিহাস বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, একুশে ফেব্রুয়ারির ইতিহাস বিশ্বব্যাপী তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এবং মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংস্কৃতিসচিব আকতারী মমতাজ।
নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৬ জনকে একুশে পদক দেওয়া হয়েছে। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাঈদ হায়দার, ড. জসীম উদ্দিন আহমেদকে পুরস্কার দেওয়া হয়। এই বিভাগে মরহুম সৈয়দ গোলাম কিবরিয়ার (মরণোত্তর) পুরস্কার গ্রহণ করেন তাঁর জ্যেষ্ঠ সন্তান রোকেয়া বেগম।
শিল্পকলায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ অভিনেত্রী, নাট্যকার ও প্রযোজক বেগম জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সংগীতে উচ্চাঙ্গসংগীত শিল্পী পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সংগীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ, নৃত্যে নৃত্যনাট্যকার আমানুল হককে একুশে পদক দেওয়া হয়। চিত্রকলায় শিল্পী মরহুম কাজী আনোয়ার হোসেনের (মরণোত্তর) পক্ষে তাঁর সহধর্মিণী সুফিয়া আনোয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মফিদুল হক, সাংবাদিকতায় দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে এ বছর একুশে পদক দেওয়া হয়েছে।
গবেষণায় অধ্যাপক ড. এ বি এম আব্দুল্লাহ এবং লেখক ও নৃগোষ্ঠীর প্রতিনিধি মংছেন চি মংছিনকে একুশে পদকে ভূষিত করা হয়। ভাষা ও সাহিত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ কথাশিল্পী জ্যোতি প্রকাশ দত্ত, অধ্যাপক ড. হায়াৎ মামুদ এবং কবি হাবিবুল্লাহ সিরাজীকে এ বছর একুশে পদক প্রদান করা হয়।
পদকপ্রাপ্ত ব্যক্তিদের ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক, দুই লাখ টাকা, একটি সম্মাননাপত্র এবং একটি রেপ্লিকা প্রদান করা হয়।
পদকপ্রাপ্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, আপনাদের মাধ্যমে দেশের মর্যাদা আরও বাড়বে। ভবিষ্যৎ প্রজন্ম উজ্জীবিত হবে।’