মাতৃভাষার মর্যাদা রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল পুষ্পস্তবক দিতে আসে ব্লুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল পুষ্পস্তবক দিতে আসে ব্লুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

মায়ের ভাষা বাংলায় কথা বলার জন্য জীবন বিলিয়ে দেওয়া শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরেই ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে সুরে মানুষ শহীদ মিনারে সমবেত হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান।
প্রথম প্রহরে সিলেট শহীদ মিনার বাস্তবায়ন কমিটির নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত অসংখ্য সংগঠন ও ব্যক্তি পুষ্পস্তবক অর্পণ করেছে। এর মধ্যে বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, আওয়ামী লীগ, বিএনপি, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রথম আলো বন্ধুসভা উল্লেখযোগ্য। সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন কাউন্সিলর সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা ১১টায় শহীদ মিনারে পাঠশালার উদ্যোগে শিশুদের হাতেখড়ি অনুষ্ঠান হয়। এ সময় ৪৮টি শিশুকে হাতেখড়ি দেন ভাষাসংগ্রামী মো. আবদুল আজিজ।
একুশের প্রথম প্রহরে কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা জেলার প্রশাসক মো. জাহাংগীর আলম, জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। একই সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ, কোষাধ্যক্ষ কুন্ডু গোপীদাস, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ। সন্ধ্যায় নগরের কান্দিরপাড় টাউন হল মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
সুনামগঞ্জ শহরের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদ, জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতি, মহিলা পরিষদ, উদীচী, টিআইবি, যুব ইউনিয়ন, খেলাঘর, বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান।
একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাতে ও সকালে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাসদ, বাসদ, উদীচী শিল্পীগোষ্ঠী, বন্ধুসভা, উত্তরণ খেলাঘর আসরসহ বিভিন্ন স্কুল ও কলেজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এর আগে প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ ও জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে ভাষা আন্দোলনের ৬৫ বছর পর প্রথমবারের মতো স্থাপন করা শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদ্বোধন করা হয়। সকাল নয়টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান শহীদ মিনারের নামফলক উন্মোচন করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শহীদদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। একই সঙ্গে মাতৃভাষার প্রতি আমাদের আরও যত্নশীল হতে হবে।
প্রথমে সরকারি বৃন্দাবন কলেজের ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ সদর আসনের সাংসদ মো. আবু জাহির। এরপর একে একে জেলা পরিষদের চেয়ারম্যান মুশফিক হুসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকারের উপপরিচালক মো. শফিউল আলম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা মিছিল নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথম প্রহরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের শহিদ মিনারের বেদিতে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৃথক প্রভাতফেরিতে অংশ নেয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা হয়।
দিবসের প্রথম প্রহরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে সকাল ১০টার দিকে মিনি অডিটোরিয়ামে ‘অসাম্প্রদায়িক চেতনা ও বাংলা ভাষা আন্দোলন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নারায়ণ সাহা।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা ও সিলেট; সুনামগঞ্জ অফিস; মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)