মাতৃভাষার মর্যাদা রক্ষার আহ্বান

মায়ের ভাষা বাংলায় কথা বলার জন্য জীবন বিলিয়ে দেওয়া শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে সুরে মানুষ শহীদ মিনারে সমবেত হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কক্সবাজারে দিবসের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। এরপর পুলিশ, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভা, উদীচী, খেলাঘর আসরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে কক্সবাজার শহরের বাইপাস সড়কের পাশের উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজের ছয় শতাধিক শিক্ষার্থী প্রভাতফেরি করে প্রায় চার কিলোমিটার দূরে কক্সবাজার সদর উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। পরে আবার তারা হেঁটে বিদ্যালয়ে ফিরে যায়। সেখানে ছিল ছবি আঁকা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা। এ ছাড়া ছিল দেশাত্মবোধক গানের আসর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ প্রথম প্রভাতফেরি করে শহীদ মিনারে গেছে। এতে শিক্ষার্থীরা মোটেও ক্লান্ত হয়নি।
পাহাড়ে বসবাসরত সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের শিক্ষিত করতে উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।
বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আনসার উল্লাহ বলল, প্রভাতফেরি করে শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে পেরে তারা খুবই আনন্দিত।
এদিকে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের দুই শতাধিক শিশু মনুসিকদারপাড়ায় তৈরি অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে শহীদ মিনারটি তৈরি করে শিশুদের শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিয়েছে জমিরবাপের পাড়া ও চাটিপাড়া শিক্ষা সহায়তা কেন্দ্র।
পুষ্পস্তবক অর্পণ শেষে ছিল চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও আলোচনা সভা।
একুশের প্রথম প্রহরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার, সাংসদ জাহানারা বেগম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, বাসদ, সিপিবি, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল, জেলা আইনজীবী সমিতি, ফেনী বিশ্ববিদ্যালয়, প্রথম আলো ফেনী বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে ভোর থেকে জেলার বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক কর্মী ও সাধারণ পদচারণে মুখর হয়ে ওঠে ভাষাশহীদ আবদুস সালামের গ্রাম ফেনীর দাগনভূঞার ভাষাশহীদ আবদুস সালাম নগর। ভাষাশহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার-সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান। এ ছাড়া দাগনভূঁঞা উপজেলা প্রশাসন, ফেনী প্রেসক্লাব, দাগনভূঁঞা প্রেসক্লাব, ভাষাশহীদ সালাম পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, প্রথম আলো ফেনী বন্ধুসভা, ভাষাশহীদ সালাম পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকালে ভাষাশহীদ সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর চত্বরে ছিল আলোচনা সভা। দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মহিলাবিষয়ক কর্মকর্তা বিবি তহুরার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির, সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসী বেগম। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
নোয়াখালীতে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ। এরপর জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেএসডি, জাসদ, বাসদ (মার্ক্সবাদী), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের হয়। এ ছাড়া জেলা শিশু একাডেমি মিলনায়তনে ছিল রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা। সন্ধ্যায় মুক্তমঞ্চ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একুশের প্রথম প্রহরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম, সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন।
এ ছাড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ ছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রভাতফেরিতে বের হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। সকাল আটটার দিকে শহীদ মিনারের পাদদেশে ছাত্রছাত্রীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা তিনটার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আট দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. ফরহাদ হোসেন খানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহ-উপাচার্য শিরিণ আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি এ এফ এম আওরঙ্গজেব, সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, সিনেট ও সিন্ডিকেট সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, আলাওল হলের প্রভোস্ট মোহাম্মদ সফিউল আলম, আইন বিভাগের সভাপতি এ বি এম আবু নোমান।
আলোচনা সভার আগে সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের ‘স্মরণ’ চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রভাতফেরি শেষ হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য ও সহ-উপাচার্য। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সনাতন ধর্ম পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের চত্বর থেকে প্রভাতফেরি শুরু হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।
প্রভাতফেরি শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ আবুল কালাম। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, জেলা পরিষদের সদস্য রুহুল আমিন, মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ।
চট্টগ্রামের সাতকানিয়ার কেঁওচিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া আসনের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাংসদ ওয়াসিকা আয়শা খান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, ব্যবসায়ী নিজাম উদ্দিন।
এদিকে সাতকানিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা, চিত্রাঙ্কন ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ উল্যাহ। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমেদ সাইফুদ্দিন সিদ্দিকী।