মাতৃভাষার সম্মানে মার্কিন দূতাবাসের ভিডিও বার্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও দেশটির দূতাবাসের কর্মকর্তারা। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ কথা বলা হয়। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা ভাষার দাবিতে যাঁরা প্রাণ হারিয়েছেন, এই ভিডিওর মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মার্কিন কর্মকর্তারা। রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘ভাষা একটি দেশের জীবনপ্রবাহ। যাঁরা ইতিহাসের একটি কালো অধ্যায়ের সময় বাংলা ভাষাকে রক্ষা করতে লড়াই করেছেন, আমরা তাঁদের প্রতি সম্মান জানাতে চাই। আমাদের দূতাবাসের সবাই আপনাদের সঙ্গে এই ভিডিওটি ভাগাভাগি করে নিতে পেরে খুব আনন্দিত।’
দূতাবাসের কর্মকর্তারা এই ভিডিওর মাধ্যমে মাতৃভাষা কীভাবে তাঁদের জীবন ও যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছে, তা তুলে ধরেন।