
শুদ্ধ উচ্চারণ ও গঠনরীতি মেনে মাতৃভাষাসহ কমপক্ষে আরও একটি ভাষা শেখার প্রত্যয় নিয়ে শুরু হলো প্রথম আলো-জেএলআরসি ভাষা উৎসব-২০১৬।
আজ শুক্রবার সকালে রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন।
যোসেফাইট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাবের (জেএলআরসি) আয়োজনে এই উৎসবে অংশ নিচ্ছে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঁচটি বিভাগে এই শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি ভাষা প্রতিযোগ, তাৎক্ষণিক গল্প লেখা, আবৃত্তি, শব্দ তৈরির খেলা, ভাষাবিষয়ক কুইজ, হাতের লেখা প্রতিযোগিতা, ডিজিটাল প্রেজেন্টেশনসহ নানা আয়োজনে অংশ নিচ্ছে।
স্কুলের মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন বলেন, ‘বিকল্প ভাষাশিক্ষা ছাড়া মানুষের জ্ঞান পূর্ণতা পায় না। আর শিশুকালই হচ্ছে ভাষাশিক্ষার সর্বোত্তম সময়। বলা হয়ে থাকে, ১১ থেকে ১৩ বছর বয়সের মধ্যে একটি শিশু মাতৃভাষার মতো করেই অন্য যেকোনো ভাষা শিখতে সক্ষম। তাই এই বয়সের মধ্যেই ভাষাশিক্ষার ভিত্তি মজবুত হওয়াটা জরুরি।’

রবি পিউরিফিকেশন বলেন, ‘শুদ্ধ উচ্চারণ ও গঠনরীতি মেনে মাতৃভাষা শিক্ষা এবং কমপক্ষে আরও একটি ভাষা ভালো করে জানার বিষয়টিই এই উৎসবের প্রতিপাদ্য।’
উদ্বোধনী অনুষ্ঠানে আসা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে উপস্থিত ছিলেন সহ-অধ্যক্ষ ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা এবং জেএলআরসির চিফ মডারেটর উত্তম হালদার।
এবারের ভাষা উৎসবটি জেএলআরসির ১৩তম আয়োজন। উৎসবের টাইটেল স্পনসর হিসেবে আছে প্রথম আলো। আগামীকাল শনিবার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এই উৎসব।