মাতৃভাষাসহ দুটি ভাষা শেখার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে গতকাল দুই দিনব্যাপী ভাষা উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস l ছবি: প্রথম আলো
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে গতকাল দুই দিনব্যাপী ভাষা উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস l ছবি: প্রথম আলো

শুদ্ধ উচ্চারণ ও গঠন রীতি মেনে মাতৃভাষাসহ কমপক্ষে আরও একটি ভাষা শেখার প্রত্যয় নিয়ে শুরু হলো প্রথম আলো-জেএলআরসি ভাষা উৎসব-২০১৬।
গতকাল শুক্রবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস।
যোসেফাইট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাবের (জেএলআরসি) আয়োজনে এই উৎসবে অংশ নিচ্ছে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঁচটি ক্যাটাগরিতে এই শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি ভাষা প্রতিযোগ, তাৎক্ষণিক গল্প লেখা, আবৃত্তি, শব্দ তৈরির খেলা, ভাষা-বিষয়ক ডিজিটাল প্রেজেন্টেশনসহ নানা আয়োজনে অংশ নেয়।
এ দিন স্কুলের মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস বলেন, ‘বিকল্প ভাষা শিক্ষা ছাড়া মানুষের জ্ঞান পূর্ণতা পায় না। আর শিশুকালই হচ্ছে ভাষা শিক্ষার সর্বোত্তম সময়। বলা হয়ে থাকে, ১১ থেকে ১৩ বছর বয়সের মধ্যে একটি শিশু মাতৃভাষার মতো করেই অন্য যেকোনো ভাষা শিখতে সক্ষম।’
রবি পিউরিফিকেশনস আরও বলেন, শুদ্ধ উচ্চারণ ও গঠন রীতি মেনে মাতৃভাষা শিক্ষা এবং কমপক্ষে আরও একটি ভাষা ভালো করে জানার বিষয়টিই এই উৎসবের প্রতিপাদ্য। উদ্বোধনী অনুষ্ঠানে আগত শিক্ষার্থী, অভিভাবক ও অন্য শিক্ষকদের সঙ্গে সে সময় উপস্থিত ছিলেন সহ-অধ্যক্ষ ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা এবং জেএলআরসির চিফ মডারেটর উত্তম হালদার। এবারের ভাষা উৎসবটি জেএলআরসির ১৩তম আয়োজন। উৎসবের টাইটেল স্পনসর হিসেবে আছে প্রথম আলো। আজ শনিবার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এই উৎসব।