‘অ’ তে ‘অল পাড়হা: চেদ মাবোন’ (লেখাপড়া শিখব মোরা )। ‘আ’ তে ‘আ: সার মেনা: তিঞা’ (তির ধনুক আছে আমার)। একসময় বরেন্দ্র অঞ্চলের রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বর্ষাপাড়া আদিবাসী গণপাঠশালায় গেলে সাঁওতাল শিশুদের সুর করে এভাবে পড়তে শোনা যেত। কিন্তু শিশুদের এখন আর সাঁওতালি ভাষায় তালিম নিতে দেখা যায় না।
কারণ আদিবাসী অধ্যুষিত বরেন্দ্র অঞ্চলের শিশুদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার জন্য বেসরকারি পর্যায়ে নেওয়া পরীক্ষামূলক কিছু উদ্যোগ এখন টাকার অভাবে বন্ধ হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় লেখাপড়া শেখার এ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যালয়গামী সাঁওতালসহ অন্যান্য আদিবাসী গোষ্ঠীর শিশুদের সংখ্যা কমে যাচ্ছে। এ ছাড়া আদিবাসীরা মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণের ব্যবস্থা করার যে দাবি জানিয়ে আসছিল, তা বাস্তবায়িত না হওয়ায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।
জানা গেছে, ১৯৯৯ সালের ২০ মার্চ গ্রামীণ ট্রাস্টের সহায়তায় জাতীয় আদিবাসী পরিষদ বাংলা বর্ণমালায় সাঁওতালি ভাষার বই দিয়ে সাঁওতাল শিশুদের পাঠদানের জন্য বর্ষাপাড়ায় আদিবাসী গণপাঠশালা স্থাপন করা হয়। এরপর একই উপজেলার কাকন হাটের সুন্দরপুর ও কৃষ্ণপুরে আরও দুটি আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ফলে বিদ্যালয়বিমুখ অনেক শিশুই নিজ গোত্রের শিক্ষকের কাছে মাতৃভাষায় পড়তে পারায় বিদ্যালয় যেতে শুরু করে। কিন্তু পাঁচ বছর পর অর্থায়নের অভাবে এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বিদ্যালয়গামী সাঁওতাল শিশুদের সংখ্যা কমতে থাকে।
বর্ষাপাড়া গণপাঠশালার প্রধান শিক্ষক গোপিসান হেমব্রম জানান, বর্ষাপাড়া, ঈশ্বরীপুর, ডাইল ডাঙ্গি, নিমঘুট, পাথরঘাটা, ডাইংপাড়াসহ কয়েকটি গ্রামের প্রায় ৩০০ সাঁওতাল শিশু এ বিদ্যালয়ে আসত। কিন্তু এখন আসে ৬০-৬৫ শিশু। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, পরিবারে মাতৃভাষায় কথা বলা শিশুরা বিদ্যালয়ে গিয়ে হঠাৎ করে বাংলা ভাষার সঙ্গে খাপ খাওয়াতে পারে না। এ জন্য তারা বিদ্যালয়ে যেতে আগ্রহ হারিয়ে ফেলে এবং একপর্যায়ে অধিকাংশই ঝরে পড়ে।
২০০৯ সালে ওঁরাও আদিবাসী শিশুদের জন্য গোদাগাড়ী উপজেলার সাহানাপাড়া, ইদলপুর, ফারসাপাড়া, আগলপুর, বাগানপাড়া, গৌগ্রাম, পূজাতলা ও চৈতন্যপুরে সাদরি ভাষায় পাঠদানের জন্য ১০টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। প্রথমে আশ্রয় মানবিক সংস্থা এ বিদ্যালয়গুলোতে আর্থিক সহায়তা দেয়। তিন বছর পর এ সহায়তা বন্ধ হয়ে যায়। এরপর আদিবাসীদের সংগঠন লাহান্তি ফাউন্ডেশন ২০১৩ সাল পর্যন্ত সহায়তা করে। এরপর থেকে অর্থায়নের অভাবে বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় মাতৃভাষায় আদিবাসী শিশুদের শিক্ষা গ্রহণের সীমিত সুযোগও।
ওঁরাও আদিবাসীদের নেতা ও লাহান্তি ফাউন্ডেশনের সমন্বয়ক বঙ্গপাল কেরকেটা বলেন, সরকার আদিবাসীদের জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখন সরকার তাদের পাঠ্যক্রম প্রস্তুতের জন্য কার্যকর পদক্ষেপ নেয়নি। ওঁরাও আদিবাসী শিশুদের প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম প্রস্তুতের জন্য আদিবাসীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কার্যক্রম শুরু হয়নি।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, ‘আমরা ১৯৯৩ সাল থেকে আদিবাসী শিশুদের জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার দাবি জানিয়ে আসছি। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। সরকার ইতিমধ্যে মারমা, চাকমা, গারো ভাষায় প্রাথমিক শিক্ষার জন্য পাঠ্যক্রম প্রস্তুতের উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু বাংলা বর্ণমালা ও রোমান বর্ণমালায় সাঁওতালি ভাষায় পুস্তক প্রণয়নের ব্যাপারে সাঁওতাল সমাজের মধ্যে বিতর্ক দেখা দেওয়ায় তা স্থগিত রয়েছে।’