মাতৃভাষায় লেখাপড়ার আকুতি আদিবাসীদের
মারমা আদিবাসীদের নিজস্ব বর্ণমালা ও সমৃদ্ধ একটি ভাষা আছে। সেই ভাষায় কথা বলতে পারলেও লিখতে-পড়তে পারেন না অনেক শিক্ষিত মারমা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সেসব আদিবাসীর কণ্ঠে নিজ ভাষায় পড়ার সুযোগ করে দেওয়ার আকুতি ঝরে পড়ল।গত মঙ্গলবার বান্দরবান সদর উপজেলার প্রত্যন্ত ক্যমলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে এসেছিলেন হ্লাহেচিং মারমা। তিনি বলেন, ‘আমি মারমা হিসেবে ছেলেমেয়েদেরও মারমা ভাষা শিখিয়েছি। কিন্তু আমি ও আমার ছেলেমেয়েরা কেউ নিজেদের ভাষায় লিখতে ও পড়তে জানি না। তবে পৃথিবীর সব মাতৃভাষাই সমান। তাই একজন মা ও মারমা হিসেবে শহীদ মিনারে ফুল দিতে এসেছি।’ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে কাঠ দিয়ে অস্থায়ী একটি শহীদ মিনার বানান ক্যমলং পাড়ার মারমা আদিবাসীরা। সেখানেই অনেকে ফুল দিতে এসেছিলেন।জেলা শহরে অবস্থিত শহীদ মিনারেও ফুল দিতে এসেছিলেন হাজারো আদিবাসী। ভাষাশহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে আসা শিক্ষিত ও নতুন প্রজন্মের এই আদিবাসীদের কেউ নিজের ভাষায় লিখতে-পড়তে পারেন না। এমনকি আদিবাসী সাংস্কৃতিক কর্মীরাও এর বাইরে নন। অথচ সবাই ক্যমলং পাড়ার হ্লাহেচিংয়ের মতো বিশ্বের সব ভাষার সঙ্গে নিজেদের ভাষাকেও সমমর্যাদায় দেখতে চান।বহুজাতিক কোম্পানিতে চাকরিরত ক্যসাপ্রু মারমা নিজের ভাষায় স্বাক্ষর করতে পারেন না। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমরা এখন শুধু মৌখিক ভাষার মারমা হয়ে গেছি।’মারমা ভাষার নাট্যগোষ্ঠী ‘চাগা (মারমা ভাষায় ‘চাগা’ অর্থ ‘ভাষা’) থিয়েটারের সভাপতি জলিমং মারমা বলেন, ‘একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই সব ভাষাগোষ্ঠীর মানুষেরও দিবস এটি। মারমা হিসেবে আমারও মাতৃভাষা রয়েছে। আমার মাতৃভাষার উন্নয়নে রাষ্ট্রের দায়দায়িত্ব রয়েছে বলে মনে করি।’তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানে একমাত্র মারমা, ম্রো, ত্রিপুরা, চাকমা, তঞ্চঙ্গ্যাসহ ১১টি আদিবাসী জনগোষ্ঠীর বাস। তাদের মধ্যে মারমারা সংখ্যাগরিষ্ঠ।উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক ক্যসামং মারমা বলেন, ‘শহীদ মিনারে নিয়ে যাওয়ার জন্য মারমা ভাষায় একটি ব্যানার লেখার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু লিখতে পারার মানুষ না থাকায় সেটি আর হয়নি।’ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা বলেন, এখন শিক্ষিত প্রায় শতভাগ মারমা লিখতে ও পড়তে পারা তো দূরের কথা, নিজেদের বর্ণমালা সম্পর্কে জানেনই না। এর জন্য এককভাবে রাষ্ট্র বা সরকার দায়ী নয় উল্লেখ করে মংনুচিং বলেন, ‘প্রত্যেকে নিজেদের ভাষার জন্য তাগিদ সৃষ্টি করতে না পারলে সরকারের করার কিছুই নেই।’