মাতৃভাষায় শিক্ষাব্যবস্থা চালুর দাবি আদিবাসী ছাত্র পরিষদের
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় শিক্ষাব্যবস্থা চালুর দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল শনিবার রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি রাজশাহী নগরের গণকপাড়া মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বিভূতিভূষণ মাহাতো। বক্তব্য দেন সহসভাপতি যাকোব এক্কা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নকুল পাহান, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক উপেন রবিদাস, রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি রঘুনাথ রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন, সরকার ছয়টি জাতিগোষ্ঠীর ভাষায় প্রাথমিক পর্যায়ে পাঠ্যপুস্তক প্রণয়ন করে পাঠদান চালুর উদ্যোগ নিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। বক্তারা দাবি করেন, আদিবাসীদের নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক পর্যায়ে শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।