মাতৃমৃত্যু কমাতে প্রয়োজন মিডওয়াইফারি সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে গতকাল বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পাশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ l প্রথম আলো
গোলটেবিল বৈঠকে গতকাল বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পাশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ l প্রথম আলো

নিরাপদ মাতৃত্বের জন্য মিডওয়াইফারি সেবা অপরিহার্য। এই সেবা মাতৃমৃত্যুর হার কমাতে বিশেষ ভূমিকা রাখছে। মিডওয়াইফারি সেবার ব্যাপারে সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রতিশ্রুতি রয়েছে। এখন দরকার এ বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণের মান বাড়ানো এবং কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।

গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘মিডওয়াইফ, মা ও পরিবার: জীবনের অবিচ্ছেদ্য অংশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা এসব কথা বলেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও প্রথম আলো যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, দুজন মহাপরিচালক, ইউএনএফপিএর প্রতিনিধি, একাধিক বেসরকারি প্রতিষ্ঠান ও দাতা সংস্থার প্রতিনিধি এবং পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নিরাপদ মাতৃত্বের জন্য মিডওয়াইফারি সেবা অপরিহার্য। মাতৃমৃত্যু কমাতে এই সেবার বিশেষ ভূমিকা আছে। মিডওয়াইফারি পেশার প্রসার ও এই সেবার ব্যাপ্তির ব্যাপারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রতিশ্রুতি আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে জাতিসংঘে এ ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত এলাকায় অনেকে মিডওয়াইফারি সেবা দিচ্ছেন। এঁদের ব্যাপারে গণমাধ্যমে ইতিবাচক সংবাদ আসা দরকার। এর ফলে অনেকে এ পেশায় আসতে উদ্বুদ্ধ হবেন, পাশাপাশি যাঁরা পেশায় আছেন তাঁরাও উৎসাহিত হবেন। মিডওয়াইফারি সেবা বাড়লে সন্তান প্রসবে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার কমবে। মিডওয়াইফ শিক্ষা, প্রশিক্ষণে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার জন্য তিনি ইউএনএফপিএকে ধন্যবাদ জানান।

মিডওয়াইফারি সেবা আর নার্সদের সেবা এক নয়। এ ব্যাপারে দাতা সংস্থা জাপাইগোর মাতৃস্বাস্থ্য কর্মসূচির জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা জেবুন্নেসা রহমান বলেন, মিডওয়াইফারি সেবা নির্দিষ্ট। গর্ভকালে, প্রসবকালে, প্রসব-পরবর্তী সময়ে মাকে এবং নবজাতককে দেওয়া হয়। তাই এই সেবাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বলা হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার দেশে মিডওয়াইফারি শিক্ষা ও সেবার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দেশে এখন ১ হাজার ৬০০ জনের মিডওয়াইফারি সনদ আছে। সরকার চাকরি দিয়ে পদায়ন করতে পেরেছে ১ হাজার ২০০ জনকে। তিনি বলেন, মিডওয়াইফদের পদ বাড়ানো যেমন দরকার, তেমনি দরকার শিক্ষাপ্রতিষ্ঠানে আবাসন সমস্যা দূর করার। দেশে এই পেশার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ২০৩০ সাল নাগাদ সব প্রসব মিডওয়াইফদের সহায়তায় করা যাবে, এই চিন্তা বাস্তবসম্মত নয়। জনবলের অপচয় না হয়, এটা মাথায় রাখতে হবে। প্রসব যদি মিডওয়াইফ করাতে পারেন, তাহলে সেই কাজে একজন এমবিবিএস পাস করা চিকিৎসক নিযুক্ত করা জনবলের অপচয়ের শামিল। তিনি বলেন, ‘শতভাগ প্রসব আমরা মিডওয়াইফ দিয়ে করাতে পারব না। তবে শতভাগ প্রসব যেন দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে হয়, সেই চেষ্টা থাকতে হবে।’

বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম বলেন, অনেক দেশে জন্মসনদে মিডওয়াইফের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। এটা অত্যন্ত সম্মানীয় পেশা। মিডওয়াইফরা প্রতিষ্ঠানে যুক্ত থাকার পাশাপাশি নিজেরা স্বাধীনভাবে কাজ করতে পারেন। তিনি বলেন, এখন ১৬টি বেসরকারি প্রতিষ্ঠানে মিডওয়াইফ শিক্ষার ব্যবস্থা আছে।

ঢাকা নার্সিং কলেজের মিডওয়াইফারি তৃতীয় বর্ষের ছাত্রী মাকসুমা আকতার বলেন, ‘মিডওয়াইফারি মহৎ পেশা। এই পেশার প্রসার ঘটলে নারীর কর্মসংস্থান বাড়বে।’ তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট শিক্ষকের ঘাটতি আছে। নার্সিংয়ের শিক্ষকেরা অনেক সময় তাঁদের ক্লাস করান।

সুইডেনে প্রায় ৪০০ বছর ধরে মিডওয়াইফারি পেশার চর্চা চলছে। সুইডেন মিডওয়াইফারি শিক্ষায় বাংলাদেশকে সহায়তা দিচ্ছে। সুইডিশ দূতাবাসের স্বাস্থ্য কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশে ২০১২ সালে এই পেশা নিয়ে কাজ শুরু হয়েছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে পেশার গুণগত মান বাড়ানো ও শিক্ষক তৈরি করা।

বাংলাদেশ মিডওয়াইফ অ্যাসোসিয়েশনের সভাপতি হালিমা আক্তার বলেন, এখন প্রধান সমস্যা শিক্ষক-সংকট। কোনো শিক্ষককে এক দিনে চার-পাঁচটা ক্লাস নিতে হয়। অনেকে পাস করে বসে আছেন। অনেকে কাজ না পেয়ে নার্সের কাজ করছেন। এটা নতুন এই পেশার জন্য ভালো নয়।

আলোচনায় অংশ নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ট্রেনিং ম্যানেজমেন্টের সভাপতি আহমেদ আল কবির বলেন, প্রধানমন্ত্রী ২০১০ সালে জাতিসংঘে ৩ হাজার মিডওয়াইফ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ব্যাপারে শুরুটা ধীরগতিতে হলেও এখন গতি পেয়েছে। দেশে ১২ থেকে ১৪ হাজার মিডওয়াইফ দরকার। এই খাতকে শক্তিশালী করার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়া দরিদ্র শিক্ষার্থীদের সরকারি বৃত্তির সুপারিশ করেন তিনি।

পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ আলমাস খান বলেন, গর্ভধারণকালে মা অনেক বেশি আবেগপ্রবণ থাকে। অনেক বিষয়ে বিরক্তও থাকে। এই সময় বন্ধু হয়ে, কাছের মানুষ হয়ে সেবা দিতে পারেন মিডওয়াইফ। এই সেবা অন্য পেশাজীবীদের কাছ থেকে আশা করা যায় না। তিনি বলেন, এই পেশার প্রসার ঘটলে মাতৃত্ব সহজ হবে।

দুই ঘণ্টার এই বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। বৈঠকে একাধিক আলোচক বলেন, এই সেবা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কম। মানুষ জানলে সেবার চাহিদা বাড়বে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিডওয়াইফারি কর্মসূচির ফ্যাকাল্টি জান্নাতুল ফেরদৌস মিতু বলেন, ব্র্যাক ২০১৩ সাল থেকে এ বিষয়ে শিক্ষা কর্মসূচি চালু করেছে। এ পর্যন্ত ১৭৯ জন শিক্ষার্থী সনদ পেয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিলের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা কানিজ সুলতানা বলেন, দেশে প্রতিবছর ৫ হাজার ৩০০ মায়ের মৃত্যু হচ্ছে। মৃত্যুর কারণ জানা এবং এসব কারণ প্রতিরোধযোগ্য। ২০৩০ সালে মাতৃমৃত্যুর হার কমিয়ে ৭০ করতে হবে। ঠিকভাবে মিডওয়াইফ গড়ে তুলতে পারলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলেন সেভ দ্য চিলড্রেনের সেভিং নিউবর্ন লাইফের কর্মসূচি পরিচালক সায়িদ রুবায়েত। তিনি বলেন, যাঁরা শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে বের হচ্ছেন, তাঁদের কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে।

ইউএনএফপিএর বিশেষজ্ঞ উপদেষ্টা সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি ও ইউনিয়ন উপকেন্দ্রে একটি করে মিডওয়াইফের পদ সৃষ্টি করা হয়েছে। জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে পদ সৃষ্টি হওয়া দরকার। তিনি বলেন, কিছু প্রতিষ্ঠানে আবাসিক সমস্যা প্রকট। এক কক্ষে ১০ জন থাকতে হয়। আবাসন ও শিক্ষক সমস্যার জরুরি সমাধান দরকার।