মাতৃমৃত্যু কমাতে মিডওয়াইফারি সেবার বিকল্প নেই
মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যু কমাতে মিউওয়াইফারি সেবার কোনো বিকল্প নেই। মানসম্পন্ন এই সেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের জন্য অবকাঠামো ও কাজের পরিবেশ তৈরির পাশাপাশি আইনের বিধান জরুরি হয়ে পড়েছে। সঙ্গে দরকার মিডওয়াইফদের সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা।
আজ বৃহস্পতিবার ‘বাংলাদেশে মানসম্পন্ন মিডওয়াইফারি সেবা’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণকারী সরকারের পদস্থ কর্তাব্যক্তি ও বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারবিষয়ক সম্মেলন-২০১৬’ -এর তৃতীয় ও শেষ দিনে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রথম আলো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বলা হয়, দেশে প্রায় ২২ হাজার মিডওয়াইফ দরকার। আছেন মাত্র ৫৯৭ জন। তবে গত কয়েক বছরে মিডওয়াইফ তৈরির নানা উদ্যোগ বাংলাদেশে শুরু হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক মিডওয়াইফারি সেবার গুরুত্ব বর্ণনা করার পর বলেন, এ বিষয়ে আইন তৈরি হচ্ছে। শিগগিরই তা মন্ত্রিপরিষদ সভায় পেশ করা হবে। আশা করা যায় তা পাস হবে। তিনি বলেন, শিক্ষা, প্রশিক্ষণ ও পদায়ন–সংশ্লিষ্ট সমস্যা দূর করে মিডওয়াইফদের যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে মোট প্রজনন হার কমার পাশাপাশি মাতৃ ও নবজাতক মৃত্যুহার কমবে। প্রতিমন্ত্রী আরও বলেন, মিডওয়াইফ ও দাইদের কাজ অনেকটা একই ধরনের।
অনুষ্ঠানে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে তিন হাজার মিডওয়াইফ তৈরির করার কথা বলেছিলেন। ২০১৩ সাল থেকে মিডওয়াইফ তৈরির শিক্ষা কার্যক্রম ও প্রশিক্ষণ শুরু হয়েছে। ইতিমধ্যে ৫৯৭ জন নিবন্ধন পেয়ে পেশা চর্চার অপেক্ষায় আছেন। তবে একাধিক আলোচক বলেন, মিডওয়াইফদের কাজের পরিধি এবং চিকিৎসক ও নার্সদের সঙ্গে সম্পর্ক কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম হাবিব-এ-মিল্লাত বলেন, মিডওয়াইফদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও যন্ত্রপাতি নিশ্চিত করা না গেলে তাঁদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাবে না। তাঁদের হালনাগাদ রাখার জন্য মাঝেমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি হালিমা আক্তার। তিনি বলেন, ডিপ্লোমাধারী মিডওয়াইফদের কাজ দেওয়া, তাঁদের কাজে ধরে রাখা এবং পেশা হিসেবে উচ্চ পদে যাওয়ার বিষয়গুলো এখনো চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে একাধিক আলোচক এই বলে উদ্বেগ প্রকাশ করেন, দেশে অস্ত্রোপচারে জন্ম হার বেশি। শহরে এই হার আরও বেশি। এই অবস্থা দূর করে স্বাভাবিক প্রসবে বড় ভূমিকা রাখবেন মিডওয়াইফরা। পেশাজীবীদের সংগঠন ওজিএসবির সহসভাপতি ফেরদৌসী বেগম বলেন, নিরাপদ প্রসব চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের একটি দলীয় কাজ। প্রসব প্রক্রিয়ার শুরু থেকে মূল দায়িত্বে থাকবেন মিডওয়াইফ। প্রসব শেষও হয় তাঁকে দিয়ে। যদি কোনো জটিলতা দেখা দেয়, তাঁকে সহায়তা করবেন চিকিৎসক।
মিডওয়াইফ গড়ে তোলার সরকারের নানা উদ্যোগের উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও নার্সিং) সুভাষ চন্দ্র সরকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মিডওয়াইফদের জন্য তিন হাজার পদ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ৫৯৭ জন শিক্ষা শেষ করে নিবন্ধন পেয়েছেন। তাঁদের নিয়োগপ্রক্রিয়া চলছে। বর্তমানে ৩৮টি সরকারি প্রতিষ্ঠানে মিডওয়াইফদের শিক্ষা ও প্রশিক্ষণের কাজ চলছে। তিনি বলেন, সত্যিকার অর্থে মিডওয়াইফারি একটি পেশা হিসেবে দাঁড়ালে মাতৃ ও নবজাতকের মৃত্যু অনেক কমে যাবে।
শুরুতে অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) মাতৃমৃত্যু প্রতি লাখ জীবিত জন্মে ৭০ বা তার নিচে নামিয়ে আনার কথা বলা হয়েছে। এর জন্য দরকার মানসম্পন্ন মিডওয়াইফারি সেবা। তিনি বলেন, মিডওয়াইফ তৈরির কাজটি ইউএনএফপিএ ধৈর্য ধরে লেগে থেকে করে যাচ্ছে।
এ ক্ষেত্রে ইউএনএফপিএ কী করছে, তার বর্ণনা দেন সংস্থাটির বিশেষজ্ঞ উপদেষ্টা সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা। তিনি বলেন, নীতি ও আইন তৈরি, মানসম্পন্ন শিক্ষা ও লাইসেন্সের এসব ক্ষেত্রে ইউএনএফপিএ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এ ছাড়া প্রশিক্ষকদের প্রশিক্ষণ ও যন্ত্রপাতি সরবরাহের কাজেও তারা সহযোগিতা করছে। তিনি বলেন, মাতৃ ও নবজাতকসেবায় গুণগত পরিবর্তন আনতে হলে দেশে পর্যাপ্তসংখ্যক মিডওয়াইফ দরকার।
গ্লোবাল অ্যাফেয়ার্স-কানাডার স্বাস্থ্য বিশেষজ্ঞ মোমেনা খাতুন বলেন, মিডওয়াইফদের দায়িত্বের মধ্যে মা ও নবজাতকের পুষ্টি, জরুরি প্রসূতিসেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। তাকে অন্তর্বিভাগ ও বহির্বিভাগে কাজ করতে হবে। কিন্তু অন্যরা তাঁকে কীভাবে নেবেন, সেটা দেখার বিষয়। তাঁর পেশাগত জীবন কীভাবে উন্নততর হবে, তাঁকে কীভাবে কর্মস্থলে ধরে রাখা হবে, তাঁর কাজের ওপর কে নজরদারি বা কে মূল্যায়ন করবে, কে মনিটরিং করবে—এ বিষয়গুলো স্পষ্ট হওয়া জরুরি। তিনি বলেন, তাঁদের একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা দরকার। আর দরকার এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো যেন মানুষ বুঝতে পারে তাঁরা কারা, তাঁদের কাজটা কী।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম বলেন, মিডওয়াইফারি পাঠ্যসূচি খুবই উন্নত মানের। কিন্তু সমস্যা হচ্ছে শিক্ষকদের দুর্বলতা নিয়ে। তবে সে দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন হচ্ছে। তিনি বলেন, এখন চ্যালেঞ্জ হচ্ছে মিডওয়াইফদের সহায়তায় স্বাভাবিক প্রসব কী পরিমাণ বাড়ে তা দেখা।