গত নয় বছরে দেশে মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। বাংলাদেশ ২০১৫ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ (এমডিজি-৫) অর্জনে সফলভাবে এগিয়ে যাচ্ছে। তবে এখনো বছরে সাত হাজার ৩০০ মায়ের মৃত্যু হচ্ছে সন্তান জন্ম দিতে গিয়ে। এই মৃত্যু রোধ করতে হলে স্বাস্থ্যসেবাকেন্দ্রে জন্মহার বাড়াতে হবে। গতকাল বুধবার জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) আয়োজিত সেমিনারে এ কথা বলা হয়। ‘বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ ২০১০’ এর ফলাফল সেমিনারে উপস্থাপন করা হয়। নিপোর্টের পরিচালক (গবেষণা) আহমদ আল-সাবির জরিপের ফলাফল উপস্থাপন করে বলেন, বাংলাদেশে ২০০১ সালে প্রতি এক লাখ জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ছিল ৩২২। মৃত্যুহার কমে বর্তমানে ১৯৪-এ এসে দাঁড়িয়েছে। নয় বছরে মাতৃমৃত্যু কমেছে ৪০ শতাংশ। তিনি বলেন, দেশে মাতৃস্বাস্থ্যসেবার ব্যবহার বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, প্রজননহার হ্রাস এবং নারীশিক্ষার উন্নয়ন মাতৃমৃত্যু হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। জরিপে দেখা গেছে, বছরে প্রায় সাত হাজার ৩০০ মায়ের মৃত্যু হচ্ছে। এর অর্ধেকেরও বেশি মারা যাচ্ছে রক্তক্ষরণ ও একলাম্পশিয়ার কারণে।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ হুমায়ূন কবির জাতিসংঘ মহাসচিবকে উদ্ধৃত করে বলেন, অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জন অনুকরণীয়। এ অর্জন নিয়ে সমগ্র জাতি গর্ব করতে পারে। তিনি বলেন, সরকারি, প্রাইভেট ও এনজিও সব খাতের প্রচেষ্টায় এ সফলতা এসেছে। তবে মাতৃমৃত্যুর হার ১৯৪ থেকে ১৪৩-এ কমিয়ে আনা সহজ হবে না। সেমিনারের সভাপতি ও নিপোর্টের মহাপরিচালক শেলীনা আফরোজা বলেন, মাতৃস্বাস্থ্য উন্নয়নে প্রয়োজনীয় তথ্য সামাজিক কর্মকাণ্ডের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নারীর মর্যাদা বৃদ্ধির ওপর জোর দিতে হবে। তিনি স্বাস্থ্য খাতে জনবল বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ ও অবকাঠামোগত সমস্যা দূর করার ওপর গুরুত্ব দেন। সেমিনারের বিশেষ অতিথি ঢাকা বিভাগের পরিচালক পরিবার পরিকল্পনা মো. দেলোয়ার হোসেন বলেন, রক্তক্ষরণ ও একলাম্পশিয়ার মতো বাল্যবিবাহের কারণে অনেক মায়ের মৃত্যু হচ্ছে। প্রজননহার কমিয়ে মাতৃমৃত্যু দ্রুত কমিয়ে আনা সম্ভব। এ জন্য মাতৃস্বাস্থ্যের পাশাপাশি পরিবার পরিকল্পনা খাতে বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বলেন, পরিবার পরিকল্পনা খাতে এক টাকা বিনিয়োগ করলে উন্নয়ন কর্মকাণ্ডে ছয় টাকা সাশ্রয় করা সম্ভব।