মাতৃমৃত্যু কমাতে হাসপাতালে দক্ষ জনবল বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তান জন্ম দিতে গিয়ে প্রতিদিন ২০ জন মায়ের মৃত্যু হচ্ছে। সেই হিসাবে প্রতিবছর মৃত্যু হচ্ছে সাত হাজার ৩০০ মায়ের। এই মৃত্যুর বড় একটি অংশ ঘটছে মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালে। তাই দেশে মাতৃমৃত্যুর হার কমাতে মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে দক্ষ জনবল বাড়াতে হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা করতে হবে।মা, নবজাতক ও শিশু সুরক্ষা বিষয়ে একটি প্রকল্পের তথ্য উপস্থাপনা অনুষ্ঠানে গতকাল বুধবার দেশের মাতৃ ও শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে জাতিসংঘ শিশু তহবিল ও ব্র্যাক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের মূল উপস্থাপনায় বলা হয়, এখন ৮০ শতাংশ প্রসব বাড়িতে হয়। তার পরও মাতৃমৃত্যুর হার অনেক কমেছে। তবে সন্তান প্রসবের সময় জটিল কিছু ক্ষেত্রে হাসপাতাল বা জেলা হাসপাতালে নিতে বিলম্ব হওয়ায় মায়ের মৃত্যু ঘটছে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, জনসচেতনতা বাড়ানো এবং স্থানীয় লোকজনের সহযোগিতা নিলে স্বাস্থ্যকেন্দ্রে মানুষ বেশি সেবা পাবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জাফরউল্লাহ চৌধুরী বলেন, স্থানীয় প্রশাসনের কাছে জবাবদিহি নিশ্চিত করলে সেবার মান বাড়বে।স্বাস্থ্য অধিদপ্তর, ব্র্যাক ও ইউনিসেফ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (৪ ও ৫) অর্জনের জন্য দেশের ১০টি জেলায় অংশীদারির ভিত্তিতে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। আলোচকেরা বলেন, সন্তান প্রসবের সময় নাজুক অবস্থায় মাকে হাসপাতালে আনা হয় বলে সেখানে মৃত্যুহার বেশি। তবে মেডিকেল কলেজ বা জেলা হাসপাতালের মান নিশ্চিত করা দরকার। এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তাঁরা।অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ স্বাস্থ্য অধিদপ্তরকে জন্মগতভাবে বিকলাঙ্গ উল্লেখ করে বলেন, এখানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারীদের অনুপাত ঠিক নেই। এ ছাড়া গত ১৫ বছর নিয়োগ বন্ধ ছিল। নিয়ম ভঙ্গ করে হলেও শূন্যপদে নিয়োগ করা হবে।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম এম নিয়াজ উদ্দিন বলেন, তাঁর অধিদপ্তরে প্রায় ১০ হাজার পদ শূন্য আছে। আগামী জুলাইয়ের মধ্যে সব পদে লোক নিয়োগ করা হবে।ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির।