
দুই দশক ধরে আমরা মাতৃমৃত্যুর হার কমাতে পেরেছিলাম। আমরা ভেবেছিলাম ২০১৫ সালের মধ্যে মৃত্যুর হার প্রতি লাখে ১৪৩ করতে পারব। কিন্তু তা করতে পারিনি। নানা কারণে এই লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখতে হবে কোথায় কী কমতি বা সীমাবদ্ধতা ছিল।
মাতৃমৃত্যু কমাতে বড় ভূমিকা রেখেছিল কমিউনিটি স্কিলড্ বার্থ অ্যাটেনডেন্ট (সিএসবিএ)। অবস্ট্রিটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) প্রশিক্ষণের মাধ্যমে সারা দেশে ১৩ হাজারের বেশি এই জনবল তৈরি করেছিল। কিন্তু একটা পর্যায়ে তাঁদের আর কাজে লাগানো হয়নি। তাঁরা কাজ করছেন কি না, তা-ও তদারক করা হয়নি। তাঁরা ঘরে ঘরে গিয়ে প্রসবসেবা দিতেন। তাঁদের পুরোপুরি ব্যবহার করা হয়নি।
সরকার এখন মিডওয়াইফ (ধাত্রী) তৈরির সিদ্ধান্ত নিয়েছে। উন্নত বিশ্বে ধাত্রীরাই প্রসবসেবা দেন। বাংলাদেশ তিন হাজার মিডওয়াইফ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু মিডওয়াইফের সংখ্যা আরও অনেক বাড়াতে হবে।
সারা দেশে জরুরি প্রসূতিসেবার ব্যবস্থা এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। এই সেবার অর্থ হলো ২৪ ঘণ্টা সেবার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ প্রসব সকালে বা গভীর রাতে, যেকোনো সময় হতে পারে। একটি জেলা হাসপাতালে কমপক্ষে চারজন গাইনি কনসালট্যান্ট থাকা দরকার। এর সঙ্গে দরকার পর্যাপ্ত নার্স। কিন্তু কয়টি জেলা হাসপাতালে এই জনবল আছে?
আমাদের দেশে অর্ধেকেরও কম প্রসব ক্লিনিক বা হাসপাতালে হচ্ছে। সব প্রসবের ব্যবস্থা যদি হাসপাতালে করা সম্ভব হয়, তাহলে সব মা প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তা পাবেন। হাসপাতালে দক্ষ স্বাস্থ্যকর্মীর সহায়তায় প্রসব হলে মৃত্যুঝুঁকি অনেক কমে। মানুষকে তাই হাসপাতালমুখী হওয়ার জন্য সচেতন করতে হবে।
অন্যদিকে মায়ের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি যাতে তিনি গর্ভধারণপূর্ব ও গর্ভকালীন সেবা পান, তার নিশ্চয়তা দিতে হবে। সুস্থ মায়ের মৃত্যুঝুঁকি কম।
হাসপাতালে প্রসব হলে আরেকটি সুবিধা আছে, তা হলো, প্রসবসেবার পাশাপাশি মাকে জন্মনিয়ন্ত্রণ সেবাও দেওয়া যায়। তাঁকে বলা যায়, পরবর্তী দুই বছর সন্তান নেওয়া যাবে না। সেই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিও তাঁকে হাসপাতাল থেকে দিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। একটি সন্তান নেওয়ার পরের বছর আর একটি সন্তান নিলে মায়ের মৃত্যুঝুঁকি বেশি থাকে।
অনেক সময় দেখা যায়, প্রয়োজনের সময় দম্পতি জন্মনিয়ন্ত্রণ সামগ্রী হাতের কাছে পান না। এই অপূর্ণ চাহিদার হার অনেক। এই হার কমাতে হবে। সন্তান কম ধারণ করলে মাতৃমৃত্যুর ঝুঁকিও কমবে। এই দিক থেকে আমরা এখন কিছুটা স্থবির অবস্থায় আছি। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমাদের আগামী দিনের কাজ করতে হবে।
*অধ্যাপক পারভীন ফাতেমা: চেয়ারম্যান, অবস অ্যান্ড গাইনি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ভাইস চেয়ারম্যান, অবস্ট্রিটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)