মাতৃমৃত্যু কমেছে আছে চ্যালেঞ্জও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মাতৃমৃত্যুর হার কমেছে। তবে এখনো আছে অনেক চ্যালেঞ্জ। যথাযথ উদ্যোগ না নিলে মাতৃমৃত্যু রোধে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হোঁচট খাওয়ার ঝুঁকি থাকছে।সর্বশেষ বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস-২০১১) নীতিনির্ধারণে করণীয় বা পলিসি ব্রিফে এভাবেই সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। মাতৃমৃত্যু রোধের বিভিন্ন সূচকে যে চ্যালেঞ্জগুলো আছে, তা মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে প্রতিবেদনটিতে।বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ-২০১০ অনুযায়ী, গত দশকে মাতৃমৃত্যু কমেছে ৪০ শতাংশ। জরিপমতে, দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার ১৯৪। অর্থাৎ, প্রতি এক লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে মৃত্যু হচ্ছে ১৯৪ জন মায়ের। সে অনুযায়ী, ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ১৪৩-এ কমিয়ে আনার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি-৫) অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে আছে। এর আগের ২০০১ সালের জরিপমতে, মাতৃমৃত্যুর হার ছিল ৩২২। বিডিএইচএএস-২০১১-এর পলিসি ব্রিফ তৈরিতে মোট ছয়জন বিশেষজ্ঞ কাজ করেছেন। এঁদের একজন সেভ দ্য চিলড্রেনের মা ও শিশুস্বাস্থ্যবিষয়ক কর্মসূচির প্রধান ইশতিয়াক মান্নান প্রথম আলোকে বলেন, মাতৃমৃত্যু রোধে অর্জন ধরে রাখতে হলে সন্তান জন্ম দিতে গিয়ে আর একজন মা-ও যাতে মারা না যান, সে ধরনের পরিস্থিতি তৈরিতে আরও অনেক দূর যেতে হবে। পলিসি ব্রিফে বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।মাতৃস্বাস্থ্য নিয়ে কর্মরত আইসিডিডিআরবির সহযোগী বিজ্ঞানী কামরুন্নাহার প্রথম আলোকে বলেন, দেশে মাতৃমৃত্যু কমে যাওয়ায় খুশি হলেও আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই। ২০০১ সালে মাতৃমৃত্যুর প্রধান কারণ ছিল রক্তক্ষরণ (২৯ শতাংশ) ও খিঁচুনি (২৪ শতাংশ)। ২০১০ সালের জরিপেও দেখা যায়, এ দুটি কারণই প্রধান। এ ধরনের বিষয়গুলো চিহ্নিত করেও যথাযথ পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে মায়েদের সচেতন করা এবং সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।পলিসি ব্রিফে বলা হয়, খুলনা বিভাগে মাতৃমৃত্যুর হার ৬৫, অন্যদিকে সিলেট বিভাগে এ হার ৪২৪। খুলনা বিভাগে ৪৯ শতাংশ প্রসবই হচ্ছে দক্ষ সহায়তাকারীর মাধ্যমে। অন্যদিকে সিলেটে এ হার ২৪ শতাংশ এবং ঢাকায় হচ্ছে ৩২ শতাংশ। মাতৃমৃত্যু রোধের অন্যান্য সূচকেও খুলনা বিভাগ এগিয়ে। তাই খুলনা বিভাগ এ সেবা দেওয়ার ক্ষেত্রে কেন ভালো করছে, তা তলিয়ে দেখতে হবে। সিলেটসহ দুর্গম এলাকার জন্য সরকারকে বিশেষ কার্যক্রম হাতে নিতে হবে। তবে এখন পর্যন্ত সে ধরনের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না।বিডিএইচএস-২০১১-এর প্রতিবেদনটি পর্যালোচনা করে পলিসি ব্রিফে উল্লেখ করা হয়েছে, ৭০ শতাংশ প্রসবই হচ্ছে বাড়িতে। বাড়িতে প্রসবের মধ্যে মাত্র ৪ শতাংশ প্রসব হচ্ছে দক্ষ সহায়তাকারীর সহায়তায়। দক্ষ প্রসব সহায়তাকারী কর্মসূচিটি গর্ভবতী নারীদের কাছে পর্যন্ত পৌঁছাতেই পারছে না। অর্থাৎ, মাতৃমৃত্যু রোধের সূচকগুলো এখনো নাজুক অবস্থায় আছে।সেবা পাওয়ার অন্যান্য চিত্র: বিডিএইচএস-২০১১ অনুযায়ী, ৪৫ শতাংশ গর্ভবতী মা গর্ভকালে কোনো দক্ষ ব্যক্তির কাছ থেকে সেবা পাচ্ছেন না। অর্ধেকের বেশি গর্ভবতী নারী মাত্র একবার প্রসবপূর্ব সেবা নেন। মাত্র ২৬ শতাংশ মা চারবার বা তার বেশি প্রসবকালীন সেবা নিচ্ছেন। চারবার প্রসবপূর্ব সেবা পাওয়া মায়েদের ৫৫ শতাংশই স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসব করেন।প্রতিবেদনটি বলছে, কোনো দেশে অস্ত্রোপচারের মাধ্যমে ১৫ শতাংশ প্রসব বিশ্বব্যাপী স্বীকৃত। তবে বাংলাদেশে এভাবে প্রসবের হার ১৭ শতাংশ। স্বাস্থ্যপ্রতিষ্ঠানে প্রসবের ৭৩ শতাংশই হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে। গ্রামীণ এলাকার তুলনায় শহরে এ হার প্রায় দ্বিগুণ, প্রথম সন্তানের বেলায় এটি বেশি ঘটছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূর-উন-নবী প্রথম আলোকে বলেন, সরকারি পর্যায়ে মাতৃস্বাস্থ্যসেবার অগ্রগতি হয়নি তেমন একটা। অথচ সরকারি স্বাস্থ্যব্যবস্থাপনার অবকাঠামো উন্নত। লোকবল নেই নেই করেও একেবারে কম নয়।পলিসি ব্রিফে উল্লেখ করা হয়েছে, পরিবারকল্যাণ পরিদর্শিকাদের কাছ থেকে মাত্র ৪ শতাংশ মা প্রসবপূর্ব সেবা পেয়েছেন। প্রতিবেদনে অধিদপ্তরকে এ বিষয়টিতে নজরদারি বাড়াতে বলা হয়েছে।