মাতৃমৃত্যু বন্ধে লক্ষ্য অর্জনে পিছিয়ে আছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রসবজনিত কারণে মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ রয়েছে। কিন্তু যে গতিতে বাংলাদেশ এগোচ্ছে, তাতে ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ১ দশমিক ৪৭-এ নামিয়ে আনা সম্ভব হবে না। এখনো দেশে মাতৃমৃত্যুর হার ২ দশমিক ৯ শতাংশ।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘মাতৃত্বজনিত স্বাস্থ্যসেবা: প্রেক্ষিত, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাতৃমৃত্যু প্রতিরোধে প্রচুর অর্থ বরাদ্দ হলেও লক্ষ্য অর্জনে পিছিয়ে আছে বাংলাদেশ। ২০ বছর আগে মাতৃমৃত্যুর হার পাঁচ শতাংশ ছিল। এখন কিছুটা কমেছে। কিন্তু তাও প্রতিবছর ১২ হাজার মা প্রসবজনিত জটিলতায় মারা যান। প্রতিরোধযোগ্য এই মৃত্যু মাতৃহত্যার শামিল।সভায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ রওশন আরা বলেন, মাতৃমৃত্যু বন্ধে বহু বরাদ্দ এসেছে। এই অর্থের সঠিক ব্যবহার দরকার। এ ছাড়া পদ্ধতিগত কিছু পরিবর্তন দরকার। জরুরি মাতৃস্বাস্থ্য-সেবা দেওয়ার প্রশিক্ষণ নেওয়ার পর চিকিৎসককে চক্ষু হাসপাতালে কাজ করতে হয়েছে এমন নজির আছে। এ বিষয়গুলো মাথায় রাখতে হবে।চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক শরফুদ্দীন আহমেদ বলেন, এই কাজে এলাকাভিত্তিক দল গঠনের পরিকল্পনা নেওয়া যায়। একজন চিকিৎসক, দক্ষ ধাত্রীসহ ৩০ জনের একটি দল গঠন করা যেতে পারে, যারা জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। পৃথিবীর অনেক দেশ এ ধরনের কার্যক্রম নিয়ে সফলতা পেয়েছে।বক্তারা বলেন, বর্তমানে ৫৬ শতাংশ নারী প্রসব-পূর্ববর্তী সেবা পান। চিকিৎসক ইফফাত আরা বলেন, ১০০ শতাংশ নারীকে প্রসব-পূর্ববর্তী সেবা না দিলে মাতৃমৃত্যু বন্ধ করা সম্ভব হবে না। কিন্তু অনেকে দৃষ্টিভঙ্গির কারণে, অনেকে আর্থিক অসচ্ছলতার জন্য, অনেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকায় প্রসব-পূর্ববর্তী সেবা থেকে বঞ্চিত হন।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চিকিৎসক লায়লা আরজুমান্দ বানু, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু ও ভারপ্রাপ্ত সভাপতি ফৌজিয়া মোসলেম।বক্তারা আরও বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ, অনিরাপদ গর্ভপাত, প্রসবে জটিলতা, খিঁচুনি ও ইনফেকশন—প্রধানত এ পাঁচটি কারণে বাংলাদেশে মায়েদের মৃত্যু হয়ে থাকে। তাঁরা সমস্যা মোকাবিলায় দক্ষ ব্যবস্থাপনার পাশাপাশি বাল্যবিবাহ রোধসহ সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন।