গ্রামীণ মায়েরা এখনো ঝাড়ফুঁকে বিশ্বাস করেন। তাঁদের সচেতন না করলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমবে না। এ জন্য শিক্ষার হারও বাড়াতে হবে। নেত্রকোনায় গতকাল মঙ্গলবার সকালে এক কর্মশালায় মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। প্রসূতি ও নবজাতকের সমন্বিত স্বাস্থ্যসেবা (এমএনসিএস) প্রকল্পের আয়োজনে বাস্তবায়নকারী সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের সহায়তায় সিভিল সার্জনের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে ওই আলোচনা হয়।এমএনসিএস কার্যক্রমের পরবর্তী করণীয় শীর্ষক আলোচনায় সিভিল সার্জন সাহিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আনিস মাহমুদ, ডেপুটি সিভিল সার্জন বিজন কান্তি সরকার, বাস্তবায়নকারী সংস্থার পরিচালক জাহাঙ্গীর আলম, মো. মশিউর রহমান, প্রকল্পের মাঠপর্যায়ের কর্মী হাজেরা বেগম, অঞ্জলি রানী সরকার প্রমুখ। আলোচনায় বক্তারা জানান, প্রকল্পটির সময় বাড়িয়ে নেত্রকোনায় নিরক্ষর জনগোষ্ঠীর সেবায় এগিয়ে আসতে হবে। এখানে এখনো শতকরা ৮৫ ভাগ মা বাড়িতে সন্তান প্রসব করেন।