মাতৃস্নেহের পরশে আহত প্রাণী দুটি

কাঁথার ভেতর থেকে মুখ বের করে ড্রপার থেকে চুকচুক করে স্যালাইন টেনে নিচ্ছিল আহত কাঠবিড়ালিটি। খাওয়া শেষ হতেই মাথা কাত করে শুয়ে পড়ল সে। ওদিকে থালায় রাখা বিভিন্ন ফলের টুকরো ঠুকরে ঠুকরে খাচ্ছিল ময়না পাখিটি। একটা সময় প্রাণী দুটি ছিল বিপদে। তবে এখন ওরা দিনরাত সেবাযত্ন পাচ্ছে। মাতৃস্নেহ দিয়ে ওদের স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করছেন তানিয়া খান।
তিনি বন্য প্রাণী নিয়ে কাজ করা সংগঠন সোলের (সেভ আওয়ার আনপ্রোটেকটেড লাইফ) প্রতিষ্ঠাতা। বাড়ি মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকায়। তিনি বন্য প্রাণী গবেষক ও বন্য প্রাণীর আলোকচিত্রী। বন্য প্রাণী সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও সংরক্ষণের জন্য গড়ে তুলেছেন সোল।
গত সোমবার (২ জানুয়ারি) রাতে তানিয়া খানের বাসায় গিয়ে দেখা গেল, এক ডজনের মতো বিভিন্ন রঙের ছোট-বড় বিড়াল। এদের বয়স যখন এক-দুই দিন, তখন বিভিন্ন বাসাবাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। কুড়িয়ে এনে লালন-পালন করছেন তানিয়া। বড় হলেই যার যার পথে বেরিয়ে পড়বে এরা। বিড়ালগুলোর সঙ্গে এসে মিলেছে ওই কাঠবিড়ালি ও ময়না পাখিটি।
গত ৩০ ডিসেম্বর মৌলভীবাজার শহরতলির কালেঙ্গা এলাকায় একটি শিশু পাথর ছুড়ে কাঠবিড়ালিটিকে আহত করে। আরেক শিশু একে বাড়িতে নিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করে। একজন অটোরিকশাচালকের মাধ্যমে খবর পেয়ে একে নিজের কাছে নিয়ে আসেন তানিয়া খান। তিনি বলেন, কাঠবিড়ালিটির অবস্থা বেশি ভালো না। চিকিৎসক বলেছেন, মস্তিষ্কে আঘাত লেগেছে। এখন কিছুটা উন্নতির দিকে। স্যালাইন ও কিছু খাবার খাচ্ছে।
একসময় বনবাদাড়ই শুধু নয়, বাড়ির গাছপালায়ও প্রচুর কাঠবিড়ালির দেখা মিলত। আবাসস্থল কমে যাওয়ায় এখন এদের সংখ্যা অনেক কমে গেছে। সুস্থ-স্বাভাবিক হলেই কাঠবিড়ালিটিকে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানালেন তানিয়া খান।

অন্যদিকে, ময়না পাখিটি ৩০ ডিসেম্বর তানিয়ার কাছে দিয়ে গেছেন বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। হবিগঞ্জের একটি দোকান থেকে সম্প্রতি একে উদ্ধার করেন তাঁরা। তবে এর লেজ ও ডানার পালক কাটা। যিনি পাখিটি পুষছিলেন, এটি যাতে উড়ে চলে না যায়, সে জন্যই তিনি এই ব্যবস্থা নিয়েছিলেন। সেবা-শুশ্রূষা দিয়ে ময়নাটিকে উড়াল দেওয়ার উপযুক্ত করবেন তানিয়া। এরপর উড়িয়ে দেবেন আকাশে।
তানিয়া খান বলেন, ময়নাটি এমনিতে সুস্থ আছে। তবে এর পালক গজাতে এবং ওড়ার পর্যায়ে যেতে দেড়-দুই মাস সময় লাগবে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো প্রথম আলোকে বলেন, ময়না সাধারণত উঁচু গাছে ও গাছের কোটরে বাসা করে। খাদ্য, বাসস্থান-সংকট ও অবৈধ বাণিজ্যের কারণে এর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। বর্তমানে ময়না পাখি ঝুঁকিপূর্ণ প্রাণীর মধ্যে পড়ে গেছে। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী, ময়না পাখি পোষা নিষিদ্ধ বলে জানালেন তিনি।