মাতৃস্বাস্থ্য উন্নয়নে মানসম্পন্ন সেবা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল ​বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। পাশে কোইকার কান্ট্রি ডিরেক্টর জো হাইউন গু​ই l ছবি: প্রথম আলো
গোলটেবিল ​বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। পাশে কোইকার কান্ট্রি ডিরেক্টর জো হাইউন গু​ই l ছবি: প্রথম আলো

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেছেন, আগামী পাঁচ বছরে মাতৃস্বাস্থ্য উন্নয়নে দেশে দৃশ্যমান পরিবর্তন চোখে পড়বে। মাতৃস্বাস্থ্য উন্নয়নে সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় একইভাবে কার্যক্রম না নিয়ে এলাকার চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করলে তা সময় ও অর্থের অপচয় কমাবে।

গতকাল শনিবার প্রথম আলো আয়োজিত ‘নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্যকেন্দ্রে চলো যাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আবুল কালাম আজাদ বলেন, স্বাস্থ্য খাতে দেশে দক্ষ জনবলের স্বল্পতা আছে। তবে যে জনবল আছে, তার পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), কানাডা হাইকমিশন, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সহযোগিতায় অনুষ্ঠিত বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এবং ইউনিসেফের স্বাস্থ্য ব্যবস্থাপক জিয়াউল মতিন। আজ রোববার দেশে পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। এ দিবস সামনে রেখেই এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর ২৮ মে কে নিরাপদ মাতৃত্ব দিবস হিসেবে পালনের ঘোষণা দেন।

আবুল কালাম আজাদ বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নিলে তাকে নিরুৎসাহিত করার কোনো কারণ নেই। শুধু দেখতে হবে বেসরকারি প্রতিষ্ঠান মানুষ ঠকাচ্ছে কি না। তবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারকে সেবা নিশ্চিত করতে হবে।

ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ রিয়াদ মাহমুদ তাঁর উপস্থাপনায় বলেন, বর্তমানে দেশে প্রতিদিন শুধু সন্তান জন্ম দিতে গিয়ে ১৫ জন মা মারা যাচ্ছে। মাতৃমৃত্যু প্রতিরোধে শুধু স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রসবের হার বাড়ালেই হবে না, তার গুণগত মান নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান (স্বাস্থ্যসেবা বিভাগ) আ এ মো. মহিউদ্দিন ওসমানী জানান, সরকারের চতুর্থ স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচিতে দুর্গম এলাকাসহ বিভিন্ন বিষয়ে আলাদা পরিকল্পনা করা হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মা ও শিশুস্বাস্থ্য) মোহাম্মদ শরীফ বলেন, জরুরি প্রসূতিসেবা কেন্দ্রে অবেদনবিদদের ধরে রাখতে হলে তাঁদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে এবং বিশেষ প্রণোদনা দিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (মা, নবজাতক, শিশু ও কিশোর স্বাস্থ্য) মো. জাহাঙ্গীর আলম সরকার প্রসূতি মাকে বাড়ি থেকে হাসপাতাল, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে পাঠাতে রেফারেল ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়টিতে জোর দেন।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের জ্যেষ্ঠ পরিচালক শামস এল আরেফিন বলেন, মাতৃমৃত্যুর পরোক্ষ কারণের মধ্যে মায়ের জন্ডিস অন্যতম কারণ। জন্ডিস কী কারণে হচ্ছে, তা গবেষণা করে বের করতে হবে।

সেভ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক মান্নান বলেন, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে মোট প্রসবের কত শতাংশ বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে হবে। তা না হলে দরিদ্ররা সেবার বাইরেই থেকে যাবে।

কোইকার দেশীয় পরিচালক জো হাইউন গুই বলেন, বেসরকারি খাতের জবাবদিহি নিশ্চিত করে সরকারি ও বেসরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের স্পেশাল অ্যাডভাইজার সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা মিডওয়াইফরা যাতে কাজ করতে পারেন, সে জন্য অবকাঠামোগত উন্নয়নের বিষয়টিতে জোর দেন।

 পেশাজীবীদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি লায়লা আরজুমান্দ বানু বলেন, বর্তমানে অস্ত্রোপচারে সন্তান প্রসবের হার ২৩ শতাংশ। এ হার কমাতে হলে মিডওয়াইফ সেবা নিশ্চিত করতে হবে এবং লেবার রুম প্রটোকল মানতে হবে।

ওজিএসবির মহাসচিব ফিরোজা বেগম বলেন, নারী চিকিৎসকেরা উপজেলা পর্যায়ে চাকরি করতে যেতে চাচ্ছে না নিরাপত্তার অভাবে। স্বাস্থ্যকেন্দ্রগুলো নারীবান্ধব হতে হবে।

কোইকা বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞ নাজিমুল কাইয়ুম মাতৃস্বাস্থ্য উন্নয়নে ইউনিয়ন পরিষদকে কাজে লাগানোর পরামর্শ দেন।