মাতৃস্বাস্থ্যের জন্য দরকার নিরাপদ এমআর সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত ‘অনিচ্ছাকৃত গর্ভধারণ ও নিরাপদ এমআর সেবা, বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গতকাল আয়োজিত ‘অনিচ্ছাকৃত গর্ভধারণ ও নিরাপদ এমআর সেবা, বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা l ছবি: প্রথম আলো

প্রজনন ও নারী স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, জন্মনিয়ন্ত্রণের অপূর্ণ চাহিদা ও অনিচ্ছাকৃত গর্ভধারণের কারণে বছরে কয়েক লাখ নারীর মাসিক অনিয়মিত হয়ে পড়ে। চরাঞ্চল, পার্বত্য অঞ্চল, হাওর ও বস্তি এলাকার নারীরা এ ক্ষেত্রে নিরাপদ ও পর্যাপ্ত এমআর সেবা (মাসিক নিয়মিতকরণ) থেকে বঞ্চিত। মাতৃমৃত্যু কমাতে এবং নারীর স্বাস্থ্যের উন্নতিতে এই অবস্থার পরিবর্তন দরকার।
গতকাল রোববার প্রথম আলোর কার্যালয়ে ‘অনিচ্ছাকৃত গর্ভধারণ ও নিরাপদ এমআর সেবা, বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এ কথা বলেন। আন্তসরকারি প্রতিষ্ঠান পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি), যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকেএইড ও প্রথম আলো যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। বিশেষজ্ঞরা বলেন, অনিচ্ছাকৃত গর্ভধারণ, এমআর সেবা—এসব বিষয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার। এসব ব্যাপারে মানুষকে তথ্য দেওয়া ও সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনেক বড়।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিলের এদেশীয় পরিচালক ওবায়দুর রব বলেন, বছরে ৪০ থেকে ৪২ লাখ নারী গর্ভধারণ করেন। এঁদের বিরাট অংশ গর্ভ রাখতে চান না। কিন্তু তাঁদের অনেকেই মানসম্পন্ন এমআর সেবা পাচ্ছেন না।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার বলেন, এমআর বিষয়ে এখন খোলামেলা আলোচনা করা যায়, এমনকি গোলটেবিল বৈঠক করা সম্ভব হচ্ছে। কিছুদিন আগে এই সাহস ছিল না। এসব শব্দ জীবনের জন্য প্রয়োজন। তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনাসেবা এখন আর শুধু জন্মনিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নেই। এমআর সেবা, মাতৃস্বাস্থ্যসেবা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা এখন পরিবার পরিকল্পনাসেবার আওতায় এসেছে। এসব বিষয়ে পারিবারিক পর্যায়ে সচেতনতা ও শিক্ষা দরকার।
বৈঠকের শুরুতে পিপিডির নির্বাহী পরিচালক জো থমাস বলেন, নিরাপদ এমআর সেবা মাতৃমৃত্যু কমাতে ভূমিকা রাখে। তিনি আরও বলেন, অনিচ্ছাকৃত গর্ভধারণ ও নিরাপদ এমআর-সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গণমাধ্যমকে এ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করা, নীতিনির্ধারণী মহলে এসব বিষয়ে সুপারিশ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, গ্রামে ও বড় বড় শহরের বস্তি এলাকায় মানসম্পন্ন এমআর-সেবা নারীরা পাচ্ছেন না৷ সবার কাছে এই সেবা পৌঁছানো যাচ্ছে না বলে এখনো মাতৃমৃত্যুর হার কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনা যাচ্ছে না।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) প্রজনন স্বাস্থ্য শাখার উপকর্মসূচি সমন্বয়কারী ফৌজিয়া আক্তার হুদা এমআর-সেবা পরিস্থিতি নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেন, শহরের বস্তি এলাকার কিশোরীদের মধ্যে অনিচ্ছাকৃত গর্ভধারণের হার ৫৩ শতাংশ, যা জাতীয় হারের চেয়ে প্রায় সাড়ে চার গুণ বেশি। এসব এলাকায় সেবাকেন্দ্র, দক্ষ কর্মী, সেবার মান বাড়াতে হবে। মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তরের কাজের সমন্বয়ের ওপরও জোর দেন এই গবেষক। তিনি বলেন, যে সেবা দেওয়া হচ্ছে, তার ওপর নজরদারি বাড়াতে হবে।
পেশাজীবী সংগঠন ওজিএসবির সভাপতি লতিফা সামসুদ্দিন বলেন, গর্ভধারণ নারীর অধিকার। গর্ভ না রাখার বিষয়টিও তার অধিকারের মধ্যে পড়ে। নানা কারণে মাসিক অনিয়মিত হয়ে পড়ে। তবে ৯৯ শতাংশ ক্ষেত্রে এর কারণ গর্ভধারণ। তাই মাসিক নিয়মিতকরণের ওপর গুরুত্ব না দিয়ে উপায় নেই৷ তিনি আরও বলেন, দেশের সব সেবাকেন্দ্রে ‘সার্জিক্যাল এমআর’-সেবা সম্ভব হয় না। এসব কেন্দ্র নিরাপদ নয়, গোপনীয়তা রক্ষা হয় না, এমআর-সেবার পর জটিলতা দেখা দেয়। লতিফা সামসুদ্দিন বলেন, এমআর-সেবার পর সেবা গ্রহীতার জীবন যেন দুঃসহ না হয়, সেদিকে বিশেষ জোর দিতে হবে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফ বলেন, ১৯৭৯ সাল থেকে দেশে এমআর-সেবা চালু আছে। আগে লুকিয়ে সেবা দেওয়া হতো। এখন পরিস্থিতি বদলেছে। তিনি আরও বলেন, আগে শল্যচিকিৎসার মাধ্যমে এই সেবা দেওয়া হতো। এখন মাসিক নিয়মিতকরণে বড়ি ব্যবহার করা হচ্ছে। সরকারি কর্মসূচিতে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ মোমেনা খাতুন বলেন, এমআর-সেবা পরিবার পরিকল্পনা কর্মসূচির অংশ নয়। এটা প্রজনন স্বাস্থ্যসেবার অংশ। এই সেবা মাতৃমৃত্যু কমাতে অবদান রাখছে। এই সেবার ক্ষেত্রে অন্যতম বাধা মানুষের অসচেতনতা। মানুষ জানে না কখন এই সেবা নিতে হবে, কোথায় গেলে এই সেবা পাওয়া যাবে।
সু্ইডেনের দাতা সংস্থা সিডার কর্মসূচি কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, দেশের ২০ শতাংশ নারী এমআর-সেবা সম্পর্কে জানেন না। অন্যদিকে সেবার ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। দরিদ্র, বস্তিবাসী, নিরক্ষর মানুষ এমআর-সেবা তুলনামূলকভাবে কম পান। এমআর-সেবার জন্য মাথাপিছু সাত থেকে ১১ মার্কিন ডলার ব্যয় হয়। এমআর-পরিবর্তী স্বাস্থ্য জটিলতা চিকিৎসায় খরচ হয় গড়ে ৪০ ডলার। তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন হলে তিনি মানসম্পন্ন এমআর-সেবা পাবেন। আবার মানসম্পন্ন এমআর-সেবা পেলে তাঁর ক্ষমতায়ন ঘটবে।
বেসরকারি প্রতিষ্ঠান আইপাসের এদেশীয় ব্যবস্থাপক এস এম শহীদুল্লাহ বলেন, গর্ভধারণের আট সপ্তাহের মধ্যে এমআর-সেবা নিতে হয়। তবে এ দেশের অনেক মা বুঝতেই পারেন না যে তাঁরা কবে গর্ভধারণ করেছেন। তিনি বলেন, অবিবাহিতদের এমআর-সেবার দরকার হয়। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থার সুপারিশ করেন তিনি।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডিরেক্টর (সিসিএসডিপি) মো. মাঈনুদ্দীন আহমেদ বলেন, পরিবার পরিকল্পনাসেবা কার্যকরভাবে দেওয়া গেলে এমআর-সেবার প্রয়োজনীয়তা কমবে। তিনি আরও বলেন, যেসব এলাকায় সরকারী কর্মী নেই, সেসব এলাকায় স্বেচ্ছাসেবী নিয়োগ এবং দুর্গম এলাকায় সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক মো. আলমগীর আহমেদ বলেন, শেষ মাসিক কবে হয়েছিল, তা অনেক নারী বলতে পারেন না, এটা সেবা দেওয়ার ক্ষেত্রে একটা বাধা। তিনি বলেন, মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা এক ছাতার নিচে আনা দরকার।
পিপিডির উপনির্বাহী পরিচালক লরনা থামবেজে বলেন, গর্ভধারণের ঘটনা ঘটে পরিবারের ভেতরে। অনেক পরিবারে বা সমাজে অনিচ্ছাকৃত গর্ভধারণের পর মাসিক নিয়মিতকরণের বিষয়ে কথা বলার বা আলোচনা করার সংস্কৃতি নেই। এসব ক্ষেত্রে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে। গণমাধ্যম সঠিক তথ্য ও বার্তা নিয়ে পরিবারে ঢুকে পরিস্থিতি বদলে দিতে পারে।