মাতৃহীন শিশুকে এতিম স্বীকৃতি দেওয়ার প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা নেই, মা আছে—এ ক্ষেত্রে সন্তানেরা এতিম বলে বিবেচিত হবে। কিন্তু বাবা আছে, মা নেই—এই সন্তানেরা এতিম হিসেবে গণ্য হবে না।’ ১৯৪৪ সালের এতিমখানা এবং বিধবা-সদন আইনে এতিমকে এভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে এবং তা এখনো প্রচলিত। তবে ১৯৭৪ সালের শিশু আইনের সংশোধনী খসড়ায় মাতৃহীন শিশুকেও এতিম হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।১৯৪৪ সালের এতিমখানা আইনের সংজ্ঞায় বলা হয়েছে, এতিম বলতে ১৮ বছরের কম বয়স্ক ছেলেমেয়েকে বোঝাবে। এতিম হতে হলে পিতৃহীন অথবা পিতা-মাতা বা অভিভাবক পরিত্যক্ত হতে হবে। এ আইন অনুযায়ীই বর্তমানে সরকারি এতিমখানা বা শিশু পরিবারগুলো পরিচালিত হচ্ছে।সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু সদন/শিশু পরিবার ব্যবস্থাপনা নীতিমালায় উল্লেখ করা হয়েছে, এতিম ছেলেমেয়ে বলতে তাদের বোঝায়, যারা পিতৃহীন বা মাতৃ-পিতৃহীন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ আইনটি নারীর প্রতি অবমাননাকর ও বৈষম্যমূলক। বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম প্রথম আলোকে বলেন, প্রায় অর্ধশত বছর আগের আইনটি এখনো প্রচলিত। তখন অভিভাবক বলতে বাবাকেই বোঝানো হতো। বর্তমানে মা ও বাবা দুজনকেই সন্তানের অভিভাবক হিসেবে মেনে নেওয়া হচ্ছে। আর মা না থাকলে সেই সন্তান সবচেয়ে ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়। তাই এই বৈষম্যমূলক আইনটির অবশ্যই পরিবর্তন হওয়া প্রয়োজন।জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শিশু সুরক্ষা বিশেষজ্ঞ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনটি অবশ্যই বৈষম্যমূলক। তবে বর্তমানে ১৯৭৪ সালের শিশু আইনের সংশোধনী খসড়ায় এতিমের সংজ্ঞায় মা ও বাবা দুজনকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মা না থাকলে সন্তানেরা বেশি অসহায় হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে বাবা সন্তানের কথা চিন্তা না করে আরেকটি বিয়ে করে ফেলেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে মায়েরা সন্তানকে আঁকড়ে থাকেন। সন্তানের মঙ্গলের জন্য জীবনের অনেক শখ-আহ্লাদ বাদ দেন। সন্তান লালনপালনে বাবার চেয়ে মা বেশি ভূমিকা পালন করেন।