মাত্র এক ঘণ্টার ব্যবধানে তিনটি এলাকায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের তিনটি এলাকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর, দোকান, গ্যারেজসহ নয়টি স্থাপনা পুড়ে গেছে। গত রোববার দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, তিনটি অগ্নিকাণ্ডের মধ্যে দুটি ঘটেছে নগরের বন্দর থানাধীন কলসিদীঘির পাড় এলাকায় এবং দেওয়ানহাটের আলমগীর মার্কেটে। অপর অগ্নিকাণ্ডটি ঘটেছে হাটহাজারী উপজেলার মির্জাপুর সরকারহাট এলাকার শরৎ সওদাগরের বাড়িতে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে রোববার দিবাগত রাত দুইটায় কলসিদীঘির পাড়ের ওমর শাহ পাড়া এলাকায় আগুন লাগে। এতে দুটি আধা পাকা বসতঘর ও একটি গ্যারেজ পুড়ে যায়। গ্যারেজে একটি পিকআপ, একটি ব্যক্তিগত গাড়ি, ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪০টি রিকশা রাখা ছিল। আগুনে এগুলো আংশিক পুড়ে গেছে। বন্দর ও ইপিজেড ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর চারটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।

এদিকে দেওয়ানহাটের আলমগীর মার্কেটে রোববার দিবাগত রাত পৌনে তিনটায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। এতে মার্কেটের চারটি দোকান পুড়ে যায়। আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর চারটার দিকে আগুন নেভায়।

এ ছাড়া হাটহাজারীর মির্জাপুর সরকারহাট এলাকায় আগুন লাগে রাত তিনটার দিকে। আগুনে নয় কক্ষবিশিষ্ট দুটি কাঁচা বসতঘর
পুড়ে যায়। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। হাটহাজারী ফায়ার স্টেশনের কর্মীরা ভোর পাঁচটার দিকে আগুন নেভান।