মাত্র এক টাকার জন্য...
সুনামগঞ্জের ছাতক উপজেলা শহরে তুচ্ছ ঘটনায় গত শুক্রবার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও শতাধিক আহত হয়েছে। মুঠোফোনে টাকা ভর্তি করতে এক টাকা হেরফের হওয়া নিয়ে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত আটটার দিকে শহরের বাগবাড়ী এলাকার রেনু মিয়ার ছেলে কানন মিয়া বাসস্ট্যান্ড এলাকার শাওনের দোকানে মুঠোফোনে টাকা ভরতে যান। তিনি ১০ টাকা ভর্তি করতে চাইলে শাওনের কর্মচারী ১১ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে বাগবাড়ী ও তাতিকোনোর গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর ও তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে তাতিকোনো গ্রামের আনজব আলীর ছেলে জামাল মিয়া (২০) গুরুতর আহত হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ছাড়া আহত হয় আরও শতাধিক। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতল ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, ‘মাত্র এক টাকা কম-বেশি দেওয়া নিয়ে এত বড় ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতি শান্ত আছে।’