মাত্র একজন মেয়র পদে মনোনয়নপত্র তুলেছেন
লালমনিরহাট সদর উপজেলায় আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন গত বৃহস্পতিবার মেয়র পদে মাত্র একটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ ছাড়া কাউন্সিলর পদে মোট পাঁচটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
মেয়র পদে (স্বতন্ত্র) এস এম ওয়াহেদুল হাসান মনোনয়নপত্র নিয়েছেন। তিনি লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেন।
কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে এ টি এম শামসুজ্জামান প্রামাণিক, ৪ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ ও মো. রবিউল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া গতকাল শনিবার ২ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে খাদিজা বেগম মনোনয়নপত্র নেন।
লালমনিরহাট পৌরসভা নির্বাচন ২০১৫-এর রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল আলম সরকার বলেন, বৃহস্পতি ও শনিবার—এ দুই দিনে মেয়র পদে মাত্র একটি মনোনয়নপত্র নির্বাচন কার্যালয় থেকে তোলা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আজ রোববার থেকে মেয়র ও কাউন্সিল পদে আরও অধিকসংখ্যক আগ্রহী প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করবেন।