মাত্র একটি অ্যাম্বুলেন্স সচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনুমোদিত শয্যার সংখ্যা এক হাজার। তবে এখানে প্রতিদিন গড়ে আড়াই হাজার রোগী ভর্তি থাকেন। তাঁদের বড় একটা অংশকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে আনা-নেওয়া করা হয়। কিন্তু বিপুলসংখ্যক এই রোগীর জন্য হাসপাতালে বর্তমানে অ্যাম্বুলেন্স সচল রয়েছে মাত্র একটি।

অ্যাম্বুলেন্সের সংকটের কারণে রোগীদের বেশির ভাগ সময় নির্ভর করতে হয় ভাড়া করা অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাসের ওপর। এতে অতিরিক্ত খরচ গুনতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন গরিব রোগীরা।

হাসপাতাল সূত্র জানায়, ২০০২ সালে একটি, ২০০৪ সালে একটি ও ২০০৭ সালে একটি করে মোট তিনটি অ্যাম্বুলেন্স কেনা হয় এই হাসপাতালের জন্য। এর মধ্যে ২০০৪ সালে কেনা অ্যাম্বুলেন্সটি পাঁচ বছর আগে বিকল হয়ে যায়। ২০০২ সালে কেনা অ্যাম্বুলেন্সটি বিকল থাকে বেশির ভাগ সময়। তার ওপর এটি রোগী পরিবহনেরও উপযোগী নয়। তাই হাসপাতালের রোগীদের খাবার আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হয় এটি। একমাত্র ২০০৭ সালের কেনা অ্যাম্বুলেন্সটি বর্তমানে সচল। এ ছাড়া গত ১৭ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি নতুন অ্যাম্বুলেন্স কিনে দিলেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটি ব্যবহার করা যাচ্ছে না।

হাসপাতালের প্রশাসনিক বিভাগ সূত্র জানায়, এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় আড়াই হাজার রোগী চিকিৎসাধীন থাকেন। প্রতিদিন ১০-১২ জন রোগীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এই রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্স বা ভাড়া করা মাইক্রোবাসের ওপর নির্ভর করতে হয়।

সূত্রটি জানায়, হাসপাতালের অ্যাম্বুলেন্সের ভাড়া পড়ে প্রতি কিলোমিটার (আসা-যাওয়া) ২০ টাকা। সেই হিসাবে ময়মনসিংহ থেকে ঢাকা যেতে একটি অ্যাম্বুলেন্সের ভাড়া পড়ে সর্বোচ্চ আড়াই হাজার টাকা। কিন্তু ভাড়া করা অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাসগুলো ঢাকা যেতে নেয় কমপক্ষে চার হাজার টাকা। সম্প্রতি হাসপাতালে গিয়ে একাধিক রোগীর স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে জরুরি ভিত্তিতে রোগী পরিবহনের ক্ষেত্রে অনেক মাইক্রোবাস ও মাইক্রোবাসচালক জিম্মি করে পাঁচ-ছয় হাজার টাকা ভাড়া নেন। এ বিষয়ে এক অ্যাম্বুলেন্স চালক বলেন, হাসপাতাল এলাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের সংখ্যা অনেক। এতে প্রতিদিন ভাড়া পাওয়া যায় না। ব্যবসার ক্ষতি পুষিয়ে নিতে মাঝেমধ্যে একটু বেশি ভাড়া চাওয়া হয়।

এসব বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক লক্ষ্মীনারায়ণ মজুমদার প্রথম আলোকেবলেন, এই হাসপাতালে কমপক্ষে পাঁচটি অ্যাম্বুলেন্স দরকার। নতুন দুটি অ্যাম্বুলেন্সের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে গত এপ্রিলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হকের সুপারিশসংবলিত আবেদনপত্র পাঠানো হয়। ১৭ অক্টোবর একটি নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হলেও কাগজপত্রসংক্রান্ত জটিলতার কারণে সেটি এখনো ব্যবহার করা যাচ্ছে না।