মাত্র পাঁচ স্থানে মেলে টিসিবির পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সিটি করপোরেশনের আয়তন আগের (পৌরসভা) চেয়ে বেড়েছে চার গুণ। আর টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয়কেন্দ্র আগের মতো পাঁচটি স্থানেই রয়েছে। এর ফলে বর্ধিত এলাকার নাগরিকেরা ন্যায্যমূল্যে টিসিবির পণ্য কিনতে পারছে না।
এ অবস্থায় পণ্য বিক্রির স্থান বাড়ানোর দাবি তুলেছে নগরবাসী।
রংপুর টিসিবি কার্যালয় সূত্র জানা যায়, সিটি করপোরেশন এলাকার মাত্র পাঁচটি স্থানে সিও বাজার, কাচারিবাজার, সিটি করপোরেশনের সামনে, শাপলা চত্বর ও মাহীগঞ্জ বঙ্গবন্ধু হাসপাতালের সামনে এই পাঁচ স্থানে ট্রাকে করে প্রতিদিন টিসিবির পণ্য সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করা হচ্ছে। এ পণ্য বিক্রি মাত্র ৫২ বর্গকিলোমিটার এলাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। অথচ সিটি করপোরেশন হওয়ার পর আয়তন বেড়ে হয়েছে ২০৩ বর্গকিলোমিটার।
সিটি করপোরেশনের নতুন নতুন এলাকায় পণ্য বিক্রয় কেন্দ্র খোলার দাবি জানিয়েছে বিভিন্ন এলাকার জনগণ। সুশাসনের জন্য নাগরিক (সুজন) মহানগর কমিটির সভাপতি আফতাব হোসেন বলেন, সামান্য কয়েকটি স্থানে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। কিন্তু বর্ধিত বিরাট এলাকাজুড়ে মানুষের মধ্যে কোনো সুযোগ সৃষ্টি করা হয়নি। তিনি অবিলম্বে পণ্য বিক্রির স্থান বাড়ানোর দাবি জানান।
টিসিবি রংপুর কার্যালয় সূত্র জানায়, মহানগরের এই পাঁচ স্থানে ১০০ জন ডিলারের মাধ্যমে পর্যায়ক্রমে পাঁচজন ডিলারকে পণ্য দেওয়া হয়। টিসিবির পণ্য পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল ৪৪০ টাকা, দুই লিটারের সয়াবিন তেলের বোতল ১৭৮ টাকা, প্রতি কেজি চিনি ৩৭ টাকা, প্রতি কেজি মসুর ডাল ১০৩ টাকা ও ছোলা ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডিলার এক স্থানের জন্য প্রতিদিন ৫০০ কেজি চিনি, ৫০০ কেজি ছোলা, ২০০ কেজি ডাল, পাঁচ লিটারের সয়াবিন তেল ১০০-১০০০ লিটার, দুই লিটারের সয়াবিন তেল ১০০-১০০০ লিটার উত্তোলন করতে পারবেন।
টিসিবি রংপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক কর্মকর্তা প্রতাপ কুমার ছুটিতে থাকায় গুদাম কর্মকর্তা রুবেল সরকার প্রথম আলোকে বলেন, পণ্য বিক্রির কেন্দ্র বাড়ানোর চাহিদাপত্র ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হলেও এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।