আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতিতে মাত্র সাত দিনই অনেক লম্বা সময়। এই সময়েই রাজনীতির প্রেক্ষাপট বদলাতে পারে। গতকাল রোববার জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, রাজনীতিতে ভালো মানুষদের আসতে হবে। সৎ ও ভালো মানুষের বিকল্প নেই। বিশ্বের রাজনীতিতে কলঙ্কময় অনেক অধ্যায় রয়েছে। রাজনীতিবিদেরা সব সময় সততা ও নিষ্ঠা ধরে রাখতে পারেননি। তাঁরা মাঝে মাঝে এমন আচরণ করেন, যার মাধ্যমে তাঁরা নিজেদের খাটোই করেন না, তাঁদের ভোটারদেরও খাটো করেন। নিজস্ব স্বকীয়তা ধরে রেখে রাজনীতি করা দুরূহ। মন্ত্রী পরে কিশোরগঞ্জ পৌরসভার সোডিয়াম বাতি প্রজ্বালন করেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহামঞ্চদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।