মাত্র ২০০ টাকার জন্য খুন!
তাঁরা দুই বন্ধু। পেশায় শ্রমিক। কাজ শেষ করে দুজন একসঙ্গে গাঁজা সেবন করতেন। এক বন্ধু আরেক বন্ধুর কাছ থেকে মাসখানেক আগে ২০০ টাকা ধার নেন। মো. ইসমাইল পাওনা টাকা দাবি করায় বন্ধু মো. লিটন তাঁকে গালিগালাজ করতে থাকেন। পরে পরিকল্পনা করে অতিরিক্ত গাঁজা খাইয়ে লিটনকে ছুরিকাঘাত করে খুন করা হয়। পরে লাশটি বস্তাবন্দী করে কংক্রিটের স্তূপের ভেতর লুকিয়ে রাখা হয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পাঁচ দিন পর গত সোমবার ঈদের দিন চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার মাইজপাড়া এলাকা থেকে লিটনের লাশ উদ্ধার করে পুলিশ।
পরের দিন গতকাল মঙ্গলবার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইলকে পতেঙ্গার কয়লারহাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাত হোসেন ভূঁইয়ার আদালতে আসামি ইসমাইল ২০০ টাকার জন্য তাঁর বন্ধু লিটনকে খুন করার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, খুনের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আসামি ইসমাইলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) থোয়াই মারমা প্রথম আলোকে বলেন, আসামি আদালতে দেওয়া জবানবন্দিতে স্বীকার করেছেন যে নিহত লিটনের বাড়ি সিলেটে আর তাঁর বাড়ি সুনামগঞ্জে। তাঁরা দুজনই পতেঙ্গা এলাকায় নির্মাণ ও রং মিস্ত্রির কাজ করতেন। সেই সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এ ছাড়া দীর্ঘদিন ধরে তাঁরা দুজনে একসঙ্গে গাঁজা সেবন করতেন। মাসখানেক আগে ইসমাইলের কাছ থেকে লিটন ২০০ টাকা ধার নেন। এই টাকা চাইলে লিটন তাঁর বন্ধু ইসমাইলকে গালাগাল করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে লিটনকে মারার পরিকল্পনা করেন ইসমাইল। পরিকল্পনা মতো ৮০ টাকা দিয়ে একটি ছুরি কেনেন তিনি। লিটনকে তাঁর বাসার পাশে ২১ জুন রাতে একটি দোতলা বাসার ছাদে নিয়ে যান। সেখানে দুজনে মিলে গাঁজা সেবন করতে থাকেন। ইসমাইল কম খেয়ে লিটনকে বেশি খেতে উৎসাহ দেন। একপর্যায়ে লিটন অচেতন হয়ে পড়েন। এ সুযোগে লিটনকে জবাই করে খুন করেন ইসমাইল। পরে পলিথিনে বস্তাবন্দী করে লাশটি ওই বাসার ছাদে থাকা কংক্রিটের স্তূপের ভেতর লুকিয়ে রাখা হয়।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনার পাঁচ দিন পর গত সোমবার ঈদুল ফিতরের দিন এলাকার লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত করতে গিয়ে পরদিন ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহত লিটনের স্ত্রী লাকী বেগম বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেছেন।