বগুড়ায় ৬২ হাজার ৪২৯ মেট্রিক টন বোরো চাল সংগ্রহের সরকারি লক্ষ্যমাত্রা থাকলেও চুক্তিবদ্ধ মিলমালিকেরা মাত্র ১৪ হাজার ৪২১ মেট্রিক টন চাল গুদামে সরবরাহ করতে রাজি হয়েছেন। এতে চাল সংগ্রহ হবে মোট লক্ষ্যমাত্রার মাত্র ২৩ শতাংশ।
এদিকে বোরো চাল সংগ্রহ অভিযানে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য চুক্তি সম্পাদনের জন্য বেঁধে দেওয়া সময়সীমা গতকাল বুধবার অতিবাহিত হলেও মাত্র ২৭ শতাংশ চালকলের মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত জেলার ১ হাজার ৯৩৫ জন চালকলের মালিকের মধ্যে সরকারি গুদামে চাল দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ৫২৪ জন।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিন বলেন, সরকারি গুদামে চাল সরবরাহের চুক্তি সম্পাদনের জন্য গত ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল চালকলের মালিকদের। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও চুক্তি সম্পাদনে তেমন সাড়া মেলেনি। সরকার বিদেশ থেকে ১০ লাখ মেট্রিক টন চাল আমদানি করছে। এ ছাড়া বোরো কাটা মাড়াই এখনো পুরোদমে শেষ হয়নি। জুন মাসের মধ্যেই ধান ও চালের দাম সহনীয় পর্যায়ে আসতে পারে। তখন চুক্তিবদ্ধ মিলমালিকদের অতিরিক্ত বরাদ্দ দিয়ে সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করা হবে।
সরকারের সঙ্গে চুক্তি না করা চালকলের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে মাইন উদ্দিন বলেন, সরকারের পরবর্তী নির্দেশ অনুযায়ী মিলমালিকদের বিরুদ্ধে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
তবে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিলমালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী দাবি করেন, সরকার-নির্ধারিত ক্রয়মূল্যের চেয়ে বাজারে ধান-চালের দাম তুলনামূলক বেশি। বর্তমান বাজারমূল্যে ধান কিনে সরকার-নির্ধারিত দামে গুদামে চাল দিতে গেলে মিলমালিকদের প্রতি টনে অন্তত পাঁচ হাজার টাকা করে লোকসান দিতে হবে। পুঁজি হারানোর ভয়ে চালকলের মালিকেরা সরকারি গুদামে চাল দিতে রাজি নন।
দুপচাঁচিয়া উপজেলার মেসার্স খাজা চালকলের মালিক নাজমুল আরেফিন বলেন, উপজেলার হাটবাজারে বর্তমানে হাইব্রিড জাতের মোটা ধান ৮০০ টাকা মণ দরে কেনাবেচা হচ্ছে। এক মণ ধান চাতালে সেদ্ধ ও শুকানো এবং মিলে ভাঙা পর্যন্ত খরচ পড়ে ৪০ থেকে ৪২ টাকা। এক মণ ধান থেকে উৎপাদিত ২৬ কেজি ৫০০ গ্রাম চালের সরকার-নির্ধারিত দাম ৯০১ টাকা। ধান থেকে চাল তৈরির এ হিসাব নজরে আনলে বগুড়া জেলা খাদ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, দুপচাঁচিয়ার ওই মিলমালিকের দেওয়া হিসাব অনুযায়ীই বর্তমান বাজারমূল্যে ধান কিনে সাড়ে ২৬ কেজি চালে ৫৮ টাকা লাভ হলে প্রতি টন (১ হাজার কেজি) চালে ২ হাজার ১৮৮ টাকা লাভ হওয়ার কথা। তাহলে লোকসানের কথা উঠছে কেন?
জানতে চাইলে একাধিক মিলমালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গুদামে চাল দিতে গেলে নানা খরচ রয়েছে। চাতাল থেকে গুদাম পর্যন্ত পরিবহন খরচ, কুলি-মজুরি, চটের বস্তার দাম, ব্যাংক সুদ ছাড়াও গুদামে চাল দিতে গেলে খাদ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের টনপ্রতি নির্দিষ্ট হারে ঘুষ দিতে হয়। এসব কারণে টনপ্রতি গড়ে তিন হাজার টাকার বাড়তি খরচ হয়। সে কারণেই মিলমালিকেরা লোকসানের আশঙ্কায় গুদামে চাল দিতে চাইছেন না।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিলমালিক সমিতির বগুড়া জেলা শাখার সভাপতি এ টি এম আমিনুল ইসলাম বলেন, জেলায় মোটা ধানের উৎপাদন কমে যাওয়ায় এ ধানের দামও বেশি। এ কারণে বর্তমান বাজারমূল্যে ধান কিনে সরকারি গুদামে চাল দিতে গেলে প্রতি টনে অন্তত তিন হাজার টাকা লোকসান হবে। তাই ব্যবসার পুঁজিও হারানোর ভয়ে অনেকেই গুদামে চাল দিতে চুক্তিবদ্ধ হননি।