মাত্র ৫০০ টাকার জন্য বৃদ্ধকে হত্যা!
পাওনা মাত্র ৫০০ টাকা। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘুষি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকায় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্ত্রী পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ একজনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানায়, রায়পুরের সোনাপুর ইউনিয়নের নাছিরা দালাল বাড়ি গ্রামের সেকান্তর মিয়ার (৬২) ছেলে ট্রাকচালক নুরুল ইসলামের কাছে ৫০০ টাকা পান প্রতিবেশী আহসান উল্যা (৩৮)। গতকাল বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি চায়ের দোকানের সামনে বসে ছিলেন নুরুল ইসলামের বাবা সেকান্তর। এ সময় সেখানে হাজির হন পাওনাদার আহসান। তিনি সেকান্তরের কাছে পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে আহসান ক্ষিপ্ত হয়ে সেকান্তর মিয়ার নাক বরাবর একটি ঘুষি বসিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।পুলিশ জানায়, সেকান্তরের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে আহসানসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ আহসানকে গ্রেপ্তার করে। রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।