গাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন দিতে পারলেই ৪০০ টাকা। সঙ্গে এক দিনের তিনবেলা খাবার। পেট্রলবোমা বহন করা হয় স্কুলব্যাগে। যাতে কেউ সন্দেহ করতে না পারে। গ্রেপ্তার হওয়া আরমান হোসেন নামের এক যুবক গতকাল বুধবার সকালে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা এভাবেই বর্ণনা করেন প্রথম আলো ও পুলিশের কাছে।
সাম্প্রতিক অবরোধ-হরতালে পেট্রলবোমা নিক্ষেপ এবং অগ্নিদগ্ধদের মৃত্যুর ঘটনায় জড়িত অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থেকে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পশ্চিমপাড়ার আরমান হোসেন (১৮), উপজেলার আহামঞ্চদনগর এলাকার রিপন হোসেন (২২), মো. জুয়েল (১৮), সফিপুর বাজারের লিটন মিয়া (২০), সফিপুর পশ্চিমপাড়ার মো. রায়হান (২২), সফিপুর পূর্বপাড়ার মো. ফরিদ হোসেন (১৮), আহামঞ্চদনগর মো. মামুন (২৫) ও রাখালিয়াচালার মোবারক ভূঁইয়া (২৭)।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সফিপুর আনসার একাডেমির পাশে, সফিপুর বাজার ও মৌচাক এলাকায় কমপক্ষে আটটি গাড়িতে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়। এতে অন্তত ১০ জন অগ্নিদগ্ধ হন। প্রাণহানি হয়েছে দুজনের।
পুলিশ গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরমান হোসেন ও রিপন মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাঁদের দেওয়া তথ্যমতে মো. জুয়েল, লিটন মিয়া, মো. রায়হান, মো. ফরিদ হোসেন, মো. মামুন ও মোবারক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সকালে গ্রেপ্তার হওয়া আরমানের সঙ্গে কথা হয় প্রথম আলোর এই প্রতিবেদকের সঙ্গে। আরমান হোসেন জানান, ‘কোথায় পেট্রলবোমা ছোড়া হবে তা নিয়ে মাঝেমধ্যেই সফিপুর বাজার, আহামঞ্চদনগর ও আন্দারমানিক এলাকায় মিটিং হতো। মিটিং একেক সময় একেক জায়গায় হতো। যাতে কেউ সন্দেহ করতে না পারে। মিটিংয়ে এলাকার বড় ভাইয়েরা (বিএনপির নেতা-কর্মী) থাকতেন। ওই সময় আমরা কয়েকজন দূরে অবস্থান নিয়ে পাহারা দিতাম।’ পেট্রলবোমা কারা তৈরি করে—এ কথা জানতে চাইলে আরমান জানান, গাজীপুরের টঙ্গী থেকে তাপস নামের এক ব্যক্তি স্কুলব্যাগে করে পেট্রলবোমা নিয়ে আসে।
গত ২৩ ডিসেম্বর কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির পাশে চালভর্তি একটি ট্রাকে কীভাবে পেট্রলবোমা ছোড়া হয়েছিল, তার বিস্তারিত জানান আরমান। তিনি বলেন, ‘ওই দিন আমি, সাইফুল, বাদল, শাহীন, মামুন, ফরিদ, জুয়েল, বাবুলসহ ১০ জন ছিলাম। তিনি বলেন, ‘এ জন্য আমরা প্রত্যেকেই ৪০০ করে টাকা পেয়েছি।’ ৪ জানুয়ারি মৌচাক আমবাগান এলাকায় একটি গরুবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা সম্পর্কে আরমান বলেন, ‘সেদিনও আমরাই ছিলাম। ওই দিন একটি বাসে পেট্রলবোমা ছোড়ার পরিকল্পনা ছিল। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে বাস না পেয়ে ওই ট্রাকে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যাই। এর জন্যও আমরা প্রত্যেকে ৪০০ করে টাকা পাই।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, গ্রোপ্তারকৃতদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ২৩ ডিসেম্বর আনসার একাডেমির পশ্চিম পাশে একটি চালভর্তি ট্রাকে পেট্রলবোমা ছুড়লে ট্রাকের চালক নজরুল ইসলাম অগ্নিদগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর তিনি মারা যান। ৪ জানুয়ারি আমবাগান এলাকায় গরুবাহী ট্রাকে পেট্রলবোমা হামলায় চালকও মারা যান।