মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি পানে বাধ্য পাঁচ ইউনিয়নবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের পানিতে সহনীয় মাত্রার চেয়ে বেশি পরিমাণে আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে দুটি ইউনিয়নে দেখা দিয়েছে বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট। একটি বেসরকারি সংস্থার চালানো জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে।
পানীয় জলের বিকল্প কোনো উৎস না থাকায় স্থানীয় লোকজন বাধ্য হয়ে এ পানিই পান করছে। এতে ওই এলাকায় আর্সেনিক বিষে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নে আর্সেনিকোসিসে আক্রান্ত ৪০ জনকে শনাক্ত করা হয়েছে।
উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আর্সেনিক ঝুঁকিপ্রবণ পাঁচটি ইউনিয়নের মধ্যে দেউলীর ৩১টি, সৈয়দপুরের ৪৩টি, মোকামতলার ৩০টি এবং ময়দানহাট্টা ও শিবগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে মোট ২০ হাজার নলকূপের পানি পরীক্ষা করা হয়। বাংলাদেশের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা গত জুলাই মাসে এ জরিপ শুরু করে। এরই মধ্যে মাঠপর্যায়ের কাজ শেষ। ২৫ ফেব্রুয়ারির মধ্যে জরিপের যাবতীয় কার্যক্রম সমাপ্ত হবে।
জরিপ পরিচালনাকারী সংস্থাটির গবেষণা সহকারী রিপন আহসান বলেন, এসব এলাকায় ৬৯ শতাংশ বা ২০ হাজার নলকূপের মধ্যে ১৩ হাজার ৮০০টিতেই সহনীয় মাত্রার চেয়ে বেশি মাত্রায় আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। আর দীর্ঘদিন ধরে এই দূষিত পানি পান করায় ওই পাঁচটি ইউনিয়নে এ পর্যন্ত ৪০ জন আর্সেনিকোসিস রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে বেশির ভাগই সৈয়দপুর ও দেউলী ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, পানিতে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা প্রতি লিটারে দশমিক ০১ মিলিলিটার। সর্বোচ্চ সহনীয় মাত্রা প্রতি লিটারে দশমিক ০৫ মিলিলিটার। কিন্তু এ পাঁচটি ইউনিয়নের নলকূপেই দশমিক ০৫ মিলিলিটার মাত্রার থেকে বেশি আর্সেনিকযুক্ত পানি রয়েছে।
উপজেলার গণকপাড়া গ্রামের গৃহবধূ চম্পা বেগমের হাতে-পায়ে আর্সেনিকোসিসের স্পষ্ট ক্ষত। তিনি বলেন, ‘সংসারের খরচ চালাতে পারি না। নলকূপ আর পানি নিয়ে ভাবার সময় কোথায়? যা হওয়ার হবে।’
নাম প্রকাশ না করার শর্তে গণকপাড়া গ্রামের এক গৃহবধূ বলেন, ‘যখন গুটি ওঠে, নিজেই কেটে দিই। কারণ, আমার নিজের চিকিৎসা করানোর সামর্থ্য নেই।’
শিবগঞ্জ উপস্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা আবীর হাসান বলেন, আর্সেনিক যুক্ত পানি পান করলে ত্বকের বিভিন্ন সমস্যাসহ যকৃত ও কিডনী নষ্ট হয়ে যেতে পারে। ক্যান্সারও হতে পারে। দেউলী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘আর্সেনিকের জন্য গ্রামবাসী বিশুদ্ধ খাওয়ার পানির সংকটে পড়েছে। এখানকার অধিকাংশ মানুষই আর্থিকভাবে অসচ্ছল। তাদের পক্ষে পানি ফুটিয়ে বা নিজে আর্সেনিকমুক্ত নলকূপ বসিয়ে বিশুদ্ধ পানি পান করা সম্ভব নয়। বিষয়টি আমি উপজেলা পরিষদের সভায় তুলেছি।’
সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন বলেন, নলকূপের পানিতে সহনীয় মাত্রার বেশি আর্সেনিক থাকায় ইউনিয়নে খাওয়ার পানির সংকট চলছে।
উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী অখিল চন্দ্র মণ্ডল বলেন, ‘দুই বছর হলো সরকারি বরাদ্দ নেই। তাই আমরা আর্সেনিকোসিসে আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের কোনো উদ্যোগ নিতে পারছি না।’