মাত্রাতিরিক্ত লবণ স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য পাঁচ গ্রাম লবণ যথেষ্ট। অথচ দেশের মানুষের লবণ গ্রহণের গড় পরিমাণ দিনে ১৬ গ্রাম। বেশি পরিমাণ লবণ গ্রহণের ফলে দেশে উচ্চ রক্তচাপ, হূদরোগ, কিডনি রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের হার বাড়ছে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। চলতি মাসের প্রথম সপ্তাহে ওয়ার্ল্ড অ্যাকশন অন সল্ট অ্যান্ড হেলথের উদ্যোগে সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘অধিক লবণ গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’।সংবাদ সম্মেলনের মূল বক্তব্যে হাইপারটেনশন কমিটির সভাপতি আর কে খন্দকার বলেন, দেশে গ্রামের মানুষ অধিকহারে লবণ গ্রহণ করে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিচালিত প্রাথমিক গবেষণায় দেখা গেছে, গ্রামে প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর লবণ গ্রহণের গড় পরিমাণ দিনে ১৮ গ্রাম। শহরের নারীদের ক্ষেত্রে তা ১৫ গ্রাম। তবে শহরের পুরুষ নারীর চেয়ে বেশি লবণ গ্রহণ করে। তিনি আরও বলেন, দেশে প্রতিবছর ১২ লাখ মেট্রিক টন লবণের চাহিদা রয়েছে। তার মধ্যে কেবল খাওয়ার জন্য চাহিদা রয়েছে বছরে ৮ দশমিক ৫ লাখ মেট্রিক টন।তিনি বলেন, উচ্চ রক্তচাপের জন্য দায়ী অধিক হারে লবণ গ্রহণ। এ ছাড়া হূদরোগ, হঠাত্ হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, পাকস্থলীর ক্যানসার, কিডনির বিভিন্ন রোগও অধিক হারে লবণ গ্রহণের জন্য হয়। ধীরে ধীরে লবণ গ্রহণের পরিমাণ কমিয়ে দেওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তিনি আরও বলেন, কোমল পানীয়, ফাস্ট ফুড ও চায়নিজ খাবারে স্বাদ বাড়ানোর জন্য মাত্রাতিরিক্ত লবণ ব্যবহার করা হয়, যা অত্যন্ত ক্ষতিকর। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব জাতীয় অধ্যাপক আবদুল মালিক বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। এ ঘাতক থেকে সচেতন থাকার জন্য অধিকহারে লবণ গ্রহণ কমিয়ে দিতে হবে। সে জন্য শৈশব থেকেই অভ্যাস গড়ে তোলার জন্য পরিবারের সদস্যদের এগিয়ে আসতে হবে।