মাত্রাতিরিক্ত লবণে অনেক জমির ফসল নষ্ট
কক্সবাজারের টেকনাফে চলতি মৌসুমে ধানসহ বিভিন্ন রবিশস্য আবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জমিতে মাত্রাতিরিক্ত লবণের ফলে বপন করা বোরো ধান ও রবিশস্য পুড়ে যাচ্ছে।উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, গত বছরের মাঝামাঝি সময় আইলার আঘাতে টেকনাফ উপকূলের বেড়িবাঁধ ভাঙনের ফলে ফসলি জমিতে লবণাক্ততা অস্বাভাবিক হারে বেড়ে যায়। এ কারণে চলতি মৌসুমে বোরো, তরমুজ, মরিচ, ক্ষীরা ও ভুট্টা অনেক এলাকার কৃষক চাষাবাদ করতে পারছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আইলার পর উপজেলার অধিকাংশ এলাকার কৃষি জমিতে ১৮-২৫ পিপিটি (লবণের মাত্রা পরিমাপের একক) পর্যন্ত লবণাক্ততা রেকর্ড করা হয়। বৃষ্টিপাত কম হওয়ায় বর্তমানে তা আরও দুই-চার পিপিটি বেড়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার নাইট্যংপাড়া, কেরুনতলী, নাজিরপাড়া, মৌলভীপাড়া, হাবিবপাড়া, মহেশখালীয়াপাড়া, লেঙ্গুর বিল, হাতিয়ার ঘোনা, বাহারছড়ার শীলখালী, জাহাজপুরা, শামলাপুর, বড় ডেইল, মাথাভাঙ্গা, হ্নিলার দমদমিয়া, মোচনী, আলীখালী, রঙ্গিখালী, পানখালী, মৌলভীবাজার, হোয়াইক্যংয়ের কানজরপাড়া, মিনাবাজার, লম্বাবিল, রইক্ষ্যম, উনছিপ্রুং, শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাংয়ের মুন্ডার ডেইল, চান্ডলীপাড়া, আছারবনিয়া, পেন্ডালপাড়া, সিকদারপাড়া, পানছড়িপাড়া, নয়াপাড়া, সেন্টমার্টিনের দক্ষিণপাড়া, পূর্বপাড়া, কোনারপাড়া ও মাঝরপাড়া এলাকার অধিকাংশ জমির ফসল পুড়ে গেছে। কৃষি বিভাগ সূত্র জানায়, উপজেলায় এবারও চার হাজার ৫৭ হেক্টর জমিতে বোরো ও রবিশস্য আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১-৮ জানুয়ারি পর্যন্ত উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন, হ্নিলা, বাহারছড়া, সাবরাং ইউনিয়ন, সেন্টমার্টিন ও টেকনাফ সদর ইউনিয়নে রোপণ করা বোরো ও রবিশস্যের প্রায় ৩০০ হেক্টর জমি পুড়ে গেছে।সাবরাং আছারবনিয়ার গ্রামের তরমুজ ও মরিচচাষি বশির আহমদ জানান, মিষ্টি পানির অভাবে তাঁর বীজতলা নষ্ট হয়ে গেছে।টেকনাফ কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা পিপাষ কান্তি চৌধুরী জানান, লবণাক্ততার প্রভাব থেকে পরিত্রাণ পেতে কৃষি বিভাগ স্থানীয় কৃষকদের লবণসহিষ্ণু ব্রি-৪৭ জাতের ধান চাষের পরামর্শ দিয়েছিল।