মাত্রাতিরিক্ত লবণে মরছে গাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চর কুকরি-মুকরি! ভোলার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন। সাগরপারের ১০ কিলোমিটার বনটির বিস্তৃতি। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এ লীলাভূমিতে হাজার হাজার হরিণ, বানর ও বন্যপ্রাণীর বাস। শ্বাসমূলীয় উদ্ভিদ ছাড়াও বনে গজারি, কেওড়া ও গেওয়া বৃক্ষ আছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, চর কুকরি-মুকরির দক্ষিণ দিকে সাগর, বাকি তিন দিকে নদী। বনের দক্ষিণ দিকের শ্বাসমূলীয় উদ্ভিদসহ প্রচুর গাছ মরে যাচ্ছে। জোয়ারের পানিতে লবণ ও বালুর পরিমাণ বেড়ে যাওয়ায় এবার বেশি গাছ মরছে বলে বন বিভাগ সূত্র জানিয়েছে। তবে কী পরিমাণ গাছ মরেছে, তার কোনো পরিসংখ্যান দিতে পারেনি বন বিভাগ। মাত্রাতিরিক্ত লবণের ফলে বনের জন্তু-জানোয়ারের খাবার ও পানির সংকট দেখা দিয়েছে। খাবারের সন্ধানে জীবজন্তু চলে আসছে লোকালয়ে।জানা গেছে, ভোলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন কুকরি-মুকরি। প্রায় ২০ হাজার পরিবারের বাস এখানে। জেলা সদর থেকে ১৩০ কিলোমিটার ও চরফ্যাশন উপজেলার ভূখণ্ড থেকে ৬৫ কিলোমিটার দূরে বনটি গড়ে উঠেছে। চর পাতিলা থেকে বালুর দোন হয়ে চর মনুরা পর্যন্ত কুকরি বনের প্রায় ১০ কিলোমিটার এলাকায় ঘন বালুর প্রলেপ পড়তে দেখা যায়। সাগর মোহনার পাড়ে বেড়ে ওঠা গজারি, কেওড়া ও গেওয়াগাছ মরে যাচ্ছে। যেসব এলাকায় গাছ মরে যাচ্ছে, সেসব এলাকায় বালু জমে সমুদ্রসৈকতের মতো হয়ে গেছে। বনের ভেতর ঘুরে দেখা গেছে, কয়েকটি বন-গরু মরে পড়ে আছে। স্থানীয় জেলে খায়ের মাঝি জানান, ছয়-সাত বছর ধরে গাছ মরছে এবং বিস্তীর্ণ এলাকায় চর পড়ছে। সাগরের পানির তোড়ে বালু এসে গাছের গোড়ায় জমছে। ওই বালু আর নামতে পারছে না। কারণ, চর দিনে দিনে উঁচু হচ্ছে।জেলে আ. মান্নানসহ কয়েকজন জানান, খাবার ও পানির সন্ধানে প্রতি শুকনো মৌসুমে বনের হরিণ লোকালয়ে চলে আসে। হরিণ ও অন্যান্য বন্যপশু তাঁদের খেতের ফসল খেয়ে ফেলে। তবে কুকরির আ. আজিজ (৫৬) জানান, লোকালয়ে হরিণ পেলে তাঁরা বন কর্মকর্তাকে খবর দেন। তাঁরা জানেন বনের পশুপাখি ধরা অপরাধ।উপকূলীয় বন বিভাগ সূত্র জানায়, বর্তমানে কুকরি-মুকরির ১৩ হাজার ৫৫৭ হেক্টর জমিতে শ্বাসমূলীয় উদ্ভিদ রয়েছে। ডিসেম্বর থেকে সমুদ্রের পানিতে লবণাক্ততা বাড়তে থাকে। এ সময় জোয়ারে বালুর পরিমাণ বাড়ছে। কেওড়াগাছগুলো ১৯৭৩-৭৪ সালে লাগানো, সেগুলো বড় হয়ে সংরক্ষিত বনে পরিণত হয়েছে। বর্তমানে কুকরির বনে রয়েছে প্রায় ২০ হাজার হরিণ, এক হাজার শেয়াল, দুই হাজার বানর, এক হাজার বনমোরগ, মথুরা, কাঠময়ূর, কোয়েল, ১২ প্রজাতির বিষাক্ত সাপ, উঁদবিড়াল, কয়েক হাজার বন্য মহিষসহ অন্যান্য জীবজন্তু। সূত্রটি জানায়, আগে সকাল-বিকেল হরিণ বনের ভেতরের খালে পানি খেতে আসত। পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় কয়েক বছর ধরে এদের খাবার পানির সংকট দেখা দিয়েছে। তাই হরিণ এখন লোকালয়ে বেরিয়ে আসছে।উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘পৌষ থেকে চৈত্র পর্যন্ত জোয়ারের সঙ্গে প্রচুর বালু-লবণ এসে কেওড়াগাছের শ্বাসমূল আক্রমণ করে। বাতাস না পেয়ে মূল মরে যাচ্ছে। এতে গাছ মারা যাচ্ছে এবং গাছের বংশবিস্তারেও সমস্যা হচ্ছে। তবে প্রতিটি বন বিবর্তন হচ্ছে। প্রকৃতিগতভাবে সেখানে গেওয়া, সুন্দরি, পশুর ও ঝাউগাছ জন্মাবে। এ ছাড়া বনের ভেতর পুকুর কাটার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব করা হয়েছে।’