মাত্রাতিরিক্ত লবণে মরছে ঝাউগাছ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় উপকূলীয় বন বিভাগের গড়া সবুজ বেষ্টনীর ঝাউগাছ মরে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বঙ্গোপসাগরের পানি ও বালুতে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় এসব গাছ মরে যাচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য।সরেজমিনে দেখা গেছে, কুতুবদিয়া উপকূলের আলী আকবর ডেইলের কাহারপাড়া, বড়ঘোপ রোমাইপাড়া, মাতবরপাড়া, উত্তর বড়ঘোপ, কৈয়ারবিলের পরাণ সিকদারপাড়া, মহাজনপাড়া, মতির বাপের পাড়া, বিন্দাপাড়া, দক্ষিণ ধুরুং আলী ফকির ডেইল, উত্তর ধুরুং পিল্লার পাড়া, চরধুরুং এলাকায় ঝাউগাছ মরে বিবর্ণ হয়ে গেছে। গাছগুলো শুকিয়ে যাওয়ায় এলাকার লোকজন কেটে নিয়ে যাচ্ছে। বড়ঘোপ মাতবরপাড়ার পশ্চিমে, কাহারপাড়া, পরাণ সিকদারপাড়া, উত্তর ধুরুং, চরধুরুং এলাকায় শত শত কাটা ঝাউগাছের মোথা দেখা গেছে।১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর থেকে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে কুতুবদিয়া উপকূলের পশ্চিমে ২২ কিলোমিটার এলাকায় ঝাউয়ের বাগান করা হয়। উপকূলীয় বাসিন্দারা জানায়, গত নভেম্বরের শেষের দিকে ২০ কিলোমিটার এলাকাজুড়ে ঝাউগাছে মড়ক ছড়িয়ে পড়ে।উপকূলীয় বন বিভাগের কুতুবদিয়া রেঞ্জের কর্মকর্তা আবু বকর ছিদ্দিক জানান, কুতুবদিয়া উপকূল এলাকার লাখ লাখ মানুষের জানমাল ও সম্পদ প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয়ে এই ঝাউবাগান, বাইন ও কেওড়া গাছের প্যারাবন গড়ে তোলে। এতে ৬০-৭০ ফুট উঁচু প্রায় এক কোটি ঝাউগাছ রয়েছে। জলবায়ু পরির্তনের ফলে বিরূপ আবহাওয়ায় বঙ্গোপসাগরের পানি ও বালুতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় ঝাউগাছগুলো বিবর্ণ হয়ে মরে যাচ্ছে। বাইন ও কেওড়া গাছের গোড়ায় পানি না আসায় মাটি শক্ত হয়ে চারা মরে যাচ্ছে। কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কাশেম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে এসব গাছপালা মরে যাচ্ছে। একই কারণে চাষিরা অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ করেও আগের মতো ফসল পাচ্ছেন না।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ জাফর বলেন, কুতুবদিয়া সমুদ্র উপকূলের ঝাউবাগানে মড়ক দেখা দেওয়ার দুটি কারণ থাকতে পারে। প্রথমটি হলো, মাটিতে প্রয়োজনীয় পুষ্টি না থাকা আর দ্বিতীয়টি, পানিতে লবণের আর্দ্রতা বৃদ্ধি। পরিবেশ-বিজ্ঞানী আনছারুল করিম বলেন, বঙ্গোপসাগরের সঙ্গে লাগোয়া হওয়ায় পানিতে লবণাক্ততা বৃদ্ধি পেয়ে ও ঝাউগাছের শেকড়ে লবণের পানি ঢুকে গাছ মরে যেতে পারে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বিরূপ আবহাওয়ায় গাছের পাতা ঝরাসহ মড়ক হতে পারে। আবার চর এলাকার ঝাউগাছ বড় হলে গাছের মূল শেকড় গভীরে চলে যাওয়ার পর পানিশূন্যতা দেখা দিলেও গাছ মরে যেতে পারে।