মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয় এসিডদগ্ধ ডলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসিড দিয়া আমায় পুইড়া ঘরে পুঙ্গু কইরা রাখতে চাইছিল। শরীর পুইড়া দিলেও মন পোড়াইতে পারে নাই। প্রথম আলোর দেয়া জমির ফসল বেচে সেই টেহায় স্কুলে লেখাপড়া শিখা মাথা উঁচু করে দাঁড়াইতে চাই।’ এক বিঘা জমির বন্ধকী দলিল হাতে পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করলেন এসিডদগ্ধ ডলি (২২)। গতকাল বুধবার বেলা তিনটায় বগুড়ার ধুনট উপজেলার চক ডাকাতিয়া গ্রামে এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে ডলিকে পুনর্বাসন করা হয়। বন্ধকী জমির দলিল হস্তান্তর উপলক্ষে চক ডাকাতিয়া গ্রামে জমি বন্ধকদাতা হবিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেন, প্রথম আলো শুধু একটি পত্রিকাই নয়, একই সঙ্গে তারা নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসিডদগ্ধদের পুনর্বাসনসহ আরও অনেক ভালো কাজ করে যাচ্ছে।সভায় বক্তব্য দেন এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল, ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আবদুস ছালাম, সাংবাদিক রফিকুল আলম প্রমুখ। মামলা ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ২০০১ সালে ধুনট উপজেলার চক ডাকাতিয়া গ্রামে হানিফ মণ্ডলের ছেলে হাফিজুর রহমান প্রেমে ব্যর্থ হয়ে গভীর রাতে ঘরের খোলা জানালা দিয়ে ডলিকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। এতে ডলির মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ডলি তখন সপ্তম শ্রেণীতে পড়তেন। এ ব্যাপারে ডলির বাবা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। থানা পুলিশ মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাজা হওয়ার আশঙ্কায় হাফিজুর এসিডদগ্ধ ডলিকে এক লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেন। ডলি-হাফিজুর দম্পতির সংসারে এক ছেলের জন্ম হয়েছে। পরে ডলির বাবার করা মামলাটি নিষ্পত্তি হলে হাফিজুর শাস্তি থেকে রেহায় পান। এরপর ডলিকে ছেড়ে হাফিজুর সেলিনা নামের এক মেয়েকে বিয়ে করেন।