মাথা কেটে বের করা হলো নবজাতক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাথা কেটে এক নবজাতকের দেহ বের করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।হাসপাতালের চিকিৎসকেরা এ ঘটনার দায় একজন আয়ার ওপর চাপিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে হাসপাতালের তত্ত্বাবধায়ক তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন।সদর উপজেলার কবিরপুর চর এলাকার প্রসূতি ফরিদা বেগম জানান, গত বৃহস্পতিবার রাতে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাতে তাঁর বাচ্চা প্রসব করার কথা ছিল। আলট্রাসনোগ্রাম পরীক্ষার প্রতিবেদনে তাঁরা জানতে পারেন, পেটের শিশুটি উল্টো অবস্থায় রয়েছে। এ কারণে তাঁরা চিকিৎসকদের অস্ত্রোপচার করার কথা বলেন। কিন্তু অস্ত্রোপচার না করে শিশুটিকে মাথা কেটে বের করা হয়েছে।হাসপাতালের গাইনি বিভাগ সূত্রে জানা গেছে, ফরিদার অস্ত্রোপচারের সময় অবন্তী ঘোষ ও পূরবী সরকার দায়িত্বে ছিলেন। অবন্তী ঘোষ জানান, স্বাভাবিকভাবেই শিশুটির বের হওয়ার কথা ছিল। প্রথমে দুই পা ও পেট বের হয়। এর কিছুক্ষণের মধ্যে মাথাও বের হওয়ার কথা ছিল। এ সময় তিনি শিক্ষানবিশ চিকিৎসক আফরোজা বেগমকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। আফরোজা বলেন, ‘আমি থাকতে শিশুটির পেট পর্যন্ত বের হয়। আমি দিদিকে (অবন্তী ঘোষ) ডেকে পাঠালে তিনি জানান, আরেকটু সময় লাগবে। এরপর আমি আয়া খোদেজা বেগমের ওপর দায়িত্ব দিয়ে জরুরি দুটি রোগীর চিকিৎসায় অংশ নিই। এর মধ্যে আমি দেখি খালা যেন কী করে ফেলেছেন। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে যায়।’গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক জেবুন্নেসা পারভীন বলেন, আট মাস বয়সে শিশুটির জন্ম হচ্ছিল। এই বয়সী শিশুরা সাধারণত মৃত বের হয় বা জন্মের পরপরই মারা যায়। এ জন্য অস্ত্রোপচার করে তাঁরা রোগীদের টাকা বেশি খরচ করতে চাননি। মাথা কেটে শিশুটিকে বের করা হয়নি দাবি করে তিনি বলেন, আয়া টান দিয়ে বের করার সময় হয়তো শিশুটির মাথা ছিঁড়ে যায়।হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম শামসুল আলম বলেন, ঘটনাটির তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি দাবি করেন, যে আয়া এ কাজ করেছেন, তিনি এই হাসপাতালের কর্মচারী নন। কর্মচারী না হয়েও এ হাসপাতালে ১২ বছর ধরে তিনি কীভাবে আয়ার কাজ করছেন তা তাঁর বোধগম্য নয়। আয়া খোদেজা বেগম দাবি করেন, রোগীর চিৎকার শুনে স্বজনেরাই শিশুটিকে টান দিতে বলেন। এ কারণে তিনি টান দিলে মাথাটি ছিঁড়ে যায়। তিনি এই হাসপাতালে মাস্টাররোলে কাজ করেন। তাঁর কার্ড রয়েছে। তবে কার্ডটি গতকাল শনিবার সকালে হাসপাতালের সুপার নিয়ে নিয়েছেন বলে জানান তিনি।গতকাল দুপুরে প্রসূতি ফরিদা বেগমের খালা আছিয়া বেগম বলেন, তাঁরা ফরিদপুর কোতোয়ালি থানায় শিশুটির আলামত দেখিয়েছেন। তাঁরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ওই থানার উপপরিদর্শক (এসআই) নিখিল অধিকারী বলেন, গতকাল সকালে তাঁরা ওই হাসপাতালে যান। প্রাথমিক তদন্তে মনে হয়েছে গাইনি বিভাগের চিকিৎসকেরা ঘটনার সব দায় আয়ার ওপর চাপিয়ে নিস্তার পাওয়ার চেষ্টা করছেন। তাঁরা কোনোভাবেই দায় এড়াতে পারেন না।