মাথা গোঁজার ঠাঁই চান মুক্তিযোদ্ধা সুনীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীলচন্দ্র সরকার
সুনীলচন্দ্র সরকার

দেশকে শত্রুমুক্ত করতে ১৯৭১ সালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারলেও আজ জীবনযুদ্ধে পরাজিত তিনি। তাঁর মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। জীবনের শেষ বেলায় ভিটেমাটির খোঁজে তিনি ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন সরকারি দপ্তরে।
এই মুক্তিযোদ্ধার নাম সুনীলচন্দ্র সরকার (৬৮)। বাড়ি নেত্রকোনা সদর উপজেলার হাইলোড়া গ্রামে।
সুনীলচন্দ্র সরকার জানান, এই গ্রামে তাঁদের পৈতৃক বাড়ি ছিল। সেখানে এক সময় ৫ শতক ভিটে ও বসবাসের জন্য দুই চালার একটি টিনের ঘর ছিল। মা খুকুমণি সরকার (৮৫) আর স্ত্রী সন্ধ্যা রানী সরকারকে (৫০) নিয়ে তিন সদস্যের সংসার। কোনো সন্তানও নেই। দুস্থ মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার আগে রিকশা চালিয়ে কোনো রকমে দুই বেলা খেয়ে না-খেয়ে চলত তাঁদের সংসার। ২০০৫ সালে তাঁর চোখে সমস্যা দেখা দেয়। চোখের চিকিৎসার খরচ মেটাতে শেষ সম্বল ওই ৫ শতক ভিটেটিও বিক্রি করে দেন। পরে আশ্রয় নেন প্রতিবেশী অবিনাশ সরকারের বাড়িতে। কিন্তু অবিনাশ সরকার তাঁর (সুনীলের) বসবাসের জায়গাটি মাস খানেক আগে বিক্রি করে দিয়েছেন। ওই ব্যক্তি এখন সুনীলচন্দ্রকে অন্যত্র চলে যাওয়ার জন্য বারবার তাগিদ দিচ্ছেন।
তিনি আরও বলেন, একদিকে চোখের সমস্যা, অন্যদিকে বয়স। এ কারণে রিকশা চালাতে শরীর এখন আর সায় দেয় না। তাই মুক্তিযোদ্ধা ভাতার টাকাই এখন জীবনধারণের শেষ ভরসা। এই টাকাও আবার তিন মাস পরপর পান। চলতে হয় ধারদেনা করেই। জমি ছাড়ার পর চালাঘরটি নিয়ে তিনি কোথায় যাবেন, কোথায় মাথা গুঁজবেন, তা জানেন না। তাই একখণ্ড জমির জন্য এ বছরের ৫ আগস্ট আবেদন করেছেন জেলা প্রশাসকের কাছেও।

সুনীল সরকার বলেন,‘ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন আমার মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করছেন। যদি তিনি আমার পৈতৃক গ্রামে একটু জমি দেন, তাহলে আমি ও আমার পরিবার শান্তিতে থাকতে পারব।’

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেত্রকোনা জেলা ইউনিট কমান্ডার নুরুল আমীন বলেন, সুনীল সরকারের জন্য একটি খাসজমি বন্দোবস্ত করতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।